মারূফ অমিত | ১২ মে, ২০১৬
'হরতাল এখন আর কেউ মানে না। কেউ হরতাল দিয়েছে কি না তাও জানা যায় না। হরতাল নামেই কাজে নাই। হরতাল ছাড়া দিন গুলোতে ইনকাম ভালো হয় হরতালের দিন খুব একটা হয় না। তবে রাস্তায় হরতালের দিন আরামে গাড়ি (রিক্সা) চালানো যায়।'এমনটাই জানান নগরীর একজন রিক্সা চালক।
প্রচণ্ড গরমে দাঁড়িয়ে আছেন আম্বরখানা পয়েন্টে। ঘামে শার্ট ভিজা। জিজ্ঞেস করতেই চললেন জিন্দাবাজারের দিকে। কথা বলতে বলতে জানা গেলো তিনি শহরে রিক্সা চালান প্রায় চার বছর থেকে। নাম শাহিন মিয়া। থাকেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কলোনিতে। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনাড়া ইউনিয়নে। দুই ছেলে এক মেয়ে স্ত্রী সবাই গ্রামে থাকে।
হরতালের দিন আয় কেমন হয় এমন প্রশ্ন করলে তিনি জানান, 'আজ যে হরতাল তিনি জানতেন না। বের হবার পর ট্রাফিক পুলিশের মাধ্যমে জানতে পারেন আজকে হরতাল চলছে।'
তিনি জানান, 'হরতাল ছাড়া দিন গুলোতে ইনকাম ভালো হয় হরতালের দিন খুব একটা হয় না। তবে রাস্তায় হরতালের দিন আরামে গাড়ি (রিক্সা) চালানো যায়।'
ভাড়া নিয়ে যাবার সময় বেশ রসিক করেই বললেন, 'মামা হরতালের তাল নেই এখন।'
চায়ের টং এ দেখা গেল আরেকজন রিকশাওয়ালা বেশ ফুরফুরে মেজাজে চা খাচ্ছেন। নাম আক্তার হোসেন।
জিজ্ঞেস করতে জানা গেল, 'হরতালের কারণে যানবাহনের কম থাকায় রোডে খুব আরামেই চলাচল করা যাচ্ছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত মুটামুটি ভালই হয়েছে ইনকাম।'
তিনি বলেন, 'রোডে ঘাটে হরতাল করার কেউ নেই। এসব নামেই শুধু।'