Sylhet Today 24 PRINT

ফুটপাতের অবৈধ লীজের কারনে পোস্ট অফিসে কর্মকর্তাদের হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ১২ মে, ২০১৬

সিলেট হেড পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের অপহরন ও প্রাণ নাশের হুমকি দিয়েছে হকার ও শ্রমিক লীগ নামধারীরা। ফলে চরম নিরাপত্তাহীনতায় সিলেট হেডপোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এ ঘটনায় মঙ্গলবার সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

অভিযোগে প্রকাশ করা হয়েছে যে শ্রমিকলীগ ও হকারলীগ এর একটি স্বার্থান্বেষী মহল সিলেট হেড পোস্ট অফিসের ফটক ও সামনের ফুটপাতে ভাসমান দোকানীদের কাছে লীজ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ফলে সিলেট হেড পোস্ট অফিসের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা দেখা দেয়। একারনে পোষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভাসমান সবজি ও পেয়াজ ব্যবসায়ীদের গেইট ও সামনের ফুটপাতে দোকান বসাতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠে হকার ও শ্রমিকলীগ নামধারী চাঁদাবাজরা। তারা ৯ মে সোমবার দলবদ্ধ হয়ে পোষ্ট অফিসে হানা দেয় এবং আর্মগার্ড আব্দুল মুহিতসহ কর্মকর্তা কর্মচারীদের অপহরনের করে নেয়ার হুমকি দেয়।

তাদের এ হুমকিতে ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীন হয়ে পড়েন। অনেকে প্রাণভয়ে কর্তব্য পালনে অফিসে আসতে পারছেন না। তাই সিলেট হেড পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা চেয়ে ১০ মে মঙ্গলবার সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী (৫৮৮) করা হয়েছে। সিলেট প্রধান ডাকঘর পরিদর্শক (শহর) মোঃ মতিউল ইসলাম এ সাধারন ডায়েরী করেন।

এর আগেও সিলেট হেড পোস্ট অফিসের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা সামনের ফুটপাত ও ফটক থেকে ভাসমান হকারদের সরিয়ে নিতে সিলেটের জেলা প্রশাসক ও এসএমপি কমিশনারের কাছে পরপর ৬ বার আবেদন জানিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারনে হকার উচ্ছেদ ও সিলেট হেডপোস্ট অফিসের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.