Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে আবাসিক হোটেলে ‘স্বামীর হাতে’ বঙ্গবন্ধু সৈনিক লীগের নেত্রী খুন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ মে, ২০১৬

সুনামগঞ্জ পৌর শহরের একটি আবাসিক হোটেলে স্বামীর হাতে স্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের নেত্রী চুমকি বেগম খুন হয়েছেন। নিহত চুমকী বেগম সুনামগঞ্জ শহরের পশ্চিম তেহরিয়ার বাসিন্দা। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চুমকী বেগম ও মাহিম ইসলাম স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল আল হেলালের ১০১ রুম ভাড়া নেন। সকাল ৭টার দিকে তার স্বামী মাহিম ইসলাম নাস্তা আনার কথা বলে বাহিরের দিক থেকে রুম তালা দিয়ে যায়। এর পর সকাল ১১টা পর্যন্ত ওই রুম তালা দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐ রুমের তালা ভেঙ্গে দেখে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ বিছানায় পড়ে আছে। পুলিশ ধারণা করছে শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটে থাকতে পারে। তাকে গলায় ওড়না দিয়ে শ্বাসরুদ্ধে হত্যা করে পালিয়ে গেছে  স্বামী।

সুনামগঞ্জ সদর থানার ওসি, মোঃ.হারুনুর রশীদ চৌধুরী জানান, হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে এসে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি তরুণীর গলায় ওড়না পেছানো অবস্থায় বিছানায় তার মরদেহ পড়ে আছে। তাৎক্ষনিক ভাবে ধারণা করা হচ্ছে তার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তার রাজনৈতিক কোন পরিচয় আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারি নি।

জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, চুমকি বেগম বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা বলে নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.