Sylhet Today 24 PRINT

কৈলাশটিলায় গ্যাস মিলেছে, তেল মিলেনি

ছয় মাসের মধ্যে উত্তোলন শুরু, প্রতিদিন মিলবে ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০১৫

সিলেটের কৈলাশটিলা গ্যাসকুপের ৭ নং কুপ খনন করে গ্যাসের মজুদ নিশ্চিত হয়েছে বাপেক্স। রোববার কুপটিতে গ্যাসের মজুদের ব্যাপারে নিশ্চিত হয় বাপেক্স। এই কুপ থেকে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে জানিয়েছেন বাপেক্সের কর্মকর্তারা।

৬ মাসের মধ্যে কুপ থেকে গ্যাস উত্তোলন শুরু হবে বলে জানিয়েছেন তারা। গ্যাসের উপজাত হিসেবে প্রতি মিলিয়ন গ্যাসের বিপরীতে ৮ ব্যারেল কনডেনসেটও মিলবে এ কুপ থেকে।

সিলেট গ্যাস ফিল্ডের আওতাধিন কৈলাশটিলায় ত্রিমাত্রিক জরিপ চালিয়ে ৭ নম্বর কুপে তেল ও গ্যাসের সন্ধান পায় বাপেক্স। দেশের প্রথম তেল খনি হিসেবে ঘোষণা করে খোদ প্রধানমন্ত্রী এই কুপটির খনন কাজের উদ্বোধন করেন। তবে খনন শেষে তেল পাওয়া যায়নি। তেল না মিললেও মিলেছে গ্যাস।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড সূত্রে জানা যায়, ২০১০-১২ সালে বাপেক্সের কারিগরি সহায়তায় সিলেটের কৈলাশটিলা, রশিদপুর ও হরিপুর গ্যাসক্ষেত্রে নতুন করে ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক (থ্রিডি সাসমিক) জরিপ চালানো হয়। জরিপে কৈলাশটিলা ও হরিপুরে গ্যাস ও তেল এবং রশিদপুরে শুধুমাত্র গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখা দেয়। সিসমিক জরিপ থেকে জানা যায়, কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের ৭নং কূপে ৪৪ মিলিয়ন ব্যারেল তেল ও ৬৫৮ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস মজুদ রয়েছে। এরপর কৈলাশটিলার ৭নং কূপ খননের উদ্যোগ নেয়া হয়। গত বছরের অক্টোবরে শুরু হয় খনন কাজ।

সিলেট গ্যাস ফিল্ডের কর্মকর্তারা জানিয়েছেন, জরিপের ফলাফল সঠিক হলে এ কূপ থেকে প্রতিদিন ৫০০ ব্যারেল জ্বালানী তেল উত্তোলন সম্ভব হতো। তবে জরিপে তেলের মজুদ না পাওয়ায় গ্যাস উত্তোলনের জন্য খনন কাজ অব্যাহত রাখে বাপেক্স। রোববার এই কুপে গ্যাসে মজুদের ব্যাপারে নিশ্চিত হয়েছেন বাপেক্স কর্মকর্তারা।

এ ব্যাপারে কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৭ নং কুপের প্রকল্প পরিচালক হারুনুর রশীদ মোল্লা বলেন, প্রায় পাঁচ মাস খনন কাজ চালিয়ে এই কুপে গ্যাসের মজুদ নিশ্চিত হয়েছে বাপেক্স। আগামী ছয় মাসের মধ্যে গ্যাস উত্তোলন সম্ভব হবে। এই কুপ থেকে প্রতিদিন ৮ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। এছাড়া প্রতি মিলিয়ন গ্যাসে ৮ ব্যারেল কনডেনসেট পাওয়া যাবে।

হারুনুর রশীদ বলেন, ত্রিমাত্রিক জরিপে সম্ভাবনা দেখা দেওয়ায় এই কুপে প্রথমে তেলের অনুসন্ধান চালিয়ে খনন কাজ শুরু হয়। তবে আশানুরুপ তেল পাওয়া না যাওয়ায় গ্যাসের জন্য খনন কাজ অব্যাগহত রাখা হয়।

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.