কুলাউড়া প্রতিনিধি | ১৫ মে, ২০১৬
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেছেন, যুব ও তরুণ সমাজকে সুশৃঙ্খল ও সমৃদ্ধশালী করে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন ফুটবল দেশের একটি জনপ্রিয় খেলা। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে আসলে স্থানীয় ফুটবল খেলোয়াড়রা আরো উৎসাহিত হবেন।
১৫ মে রোববার বিকেল ৪টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুলাউড়া ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুলাউড়া ফুটবল লীগ (কেএফএল) এর আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলামের সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এহসান আহমদ টিপুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দোহা (পিপিএম), উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সংলাপ পত্রিকার সম্পাদক প্রভাষক সিপার উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শ্রী কাবুল পাল, কুলাউড়া ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য আব্দুল্লাহ আল মনি, বাফুফের রেফারি তাজুল ইসলাম সাইফুল, ক্রীড়া সংগঠক ফয়জুর রহমান লিটন প্রমূখ।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় অংশ নেয় চ্যালেঞ্জার্স বরমচাল ও অ্যাথলেটিকো গৌরী শংকর। উক্ত টুর্নামেন্ট ৪টি ফুটবল টিম অংশ নিয়েছে।