Sylhet Today 24 PRINT

প্রিয় পাঠক, অভিনন্দন

আব্দুল আলিম শাহ |  ১৮ মে, ২০১৬

প্রিয় পাঠক, শুভেচ্ছা!
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আপনাদের প্রয়োজনীয় অনলাইন পোর্টাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম দৈনিক লক্ষাধিক পাঠকের মাইলফলক পেরিয়েছে। মাইলফলক স্পর্শের এ শুভসংবাদে আপনারা আমাদের অভিনন্দন ও বিনত কৃতজ্ঞতা গ্রহণ করুন। আমরা বিশ্বাস করি সিলেটটুডের এ মাইলফলক স্পর্শে সমূহ কৃতিত্ব আপনাদের, আমরা কেবল আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছি।

মঙ্গলবার (১৭ মে) সিলেটটুডে'র পাঠক ছিলো প্রায় দেড়লাখ।

লক্ষাধিক পাঠকের সিলেটটুডে তার যাত্রাশুরুর মাত্র ১৭ মাসে এ জায়গায় পৌঁছাতে পেরেছে। এজন্যে সিলেটটুডে পরিবার, লেখক, পাঠক, প্রতিনিধি, প্রদায়ক, বিজ্ঞাপনদাতা সকলের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা, সমর্থন আমাদেরকে উৎসাহিত করেছে, কর্তব্যের প্রতি দায়বদ্ধ করেছে। আর সিলেটটুডে পরিবার সে দায় থেকে দায়িত্ব পালনে অধিক মনোনিবেশ করেছে।

প্রিয় পাঠক,
শুরু থেকেই আমরা চেষ্টা করেছি নির্মোহ থেকে সংবাদ পরিবেশন করতে। এখানে আমরা ধারাবর্ণনা দিয়েছি কেবল। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলকে আঁকড়ে ধরে যে সংবাদ পরিবেশন করতে আমরা চেষ্টা করেছি সেখানে কতখানি সফল সেটা বিচারের সময় এখনও আসে নি হয়ত, তবে আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের সে চেষ্টা যে বৃথা যায় নি তার প্রমাণ লক্ষাধিক পাঠকের সমাবেশ।

প্রিয় পাঠক,
প্রচলিত ধারণার 'প্রিয়' হতে আমরা আসি নি, একটা গণমাধ্যম কারও প্রিয় হতে পারে না। কারণ প্রিয় হতে গেলে আপোষ করতে হয়। তাই প্রচলিত ধারণার প্রিয়-এ ধারণার বাইরে আমরা 'প্রয়োজনীয়' হতে চেয়েছি। চেষ্টা করছি, করব। শত শত অনলাইনের ভিড়ে যারাই প্রিয় হতে চায়, তারাই কেবল পথ হারিয়ে ফেলে। আর একবার পথ হারালে পথ খুঁজে পাওয়া দুষ্কর এখানে। তবে প্রয়োজনীয় হতে চাওয়ার পথে দায়বদ্ধতার বিষয়টি সামনে আসে, আমরা সেটাই পালনে সচেষ্ট থেকেছি।

আপনাদের অব্যাহত সমর্থন, সহযোগিতা আমাদেরকে আশাবাদী করছে। প্রয়োজনীয় অনলাইন পত্রিকা হয়ে ওঠার যে সিঁড়িতে আমরা আমাদেরকে নিবেদন করেছি সেখানে উন্নত শির নিয়ে আমাদের সে যাত্রা অব্যাহত রাখতে চাই। এজন্যে পূর্বেকার মত আপনাদের সমর্থন, সহযোগিতা আমাদের পাথেয় হবে।

প্রিয় পাঠক,
বর্তমান তথ্যপ্রযুক্তির এ যুগে আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না। কারণ প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা ও সংগ্রাম নিজেদের মধ্যেই করতে হয়। আত্মসংগ্রামের এ প্রাথমিক পাঠ আমরা রপ্ত করতে চেয়েছি নিজেদেরকে সঠিক পথে চালিত করতে। আমরা বিশ্বাস করি আমাদের পাঠক, লেখক, প্রদায়ক, প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীগণ আমাদের সে আত্মসংগ্রাম ও নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে মূল্যায়ন করবেন।

আব্দুল আলিম শাহ : সম্পাদক, সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.