নিজস্ব প্রতিবেদক | ০৯ মার্চ, ২০১৫
সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়ায় উত্যক্তের প্রতিবাদ করায় হামলা চালিয়েছে উত্যক্তকারী ও তার সাঙ্গপাঙ্গরা। হামলায় আহত হয়েছেন উত্যক্তের শিকার মেয়ে ও মেয়ের বাবাসহ অন্তত ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সোমবার বেলা পৌণে ১টার দিকে লামাপাড়া বোরহান উদ্দিন আবাসিক প্রকল্পে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- টিলাগড় এলাকার জামাল, মুহিব ও শাব্বীরের নেতৃত্বে ২০-২৫ জন যুবক বোরহান উদ্দিন আবাসিক প্রকল্পের একটি কলোনিতে গিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। তারা কলোনি লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করে। এতে অন্তত ৫ জন আহত হন।
শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন জানান- ওই কলোনির এক মেয়েকে জামাল নামের এক ছেলে প্রায়ই উত্যক্ত করত। এ নিয়ে মেয়ের বাবা একদিন জামালকে শাসান। এর জের ধরে সোমবার জামাল তার সহযোগীদের নিয়ে কলোনিতে মেয়ের বাসায় হামলা চালায়।
ওসি আরও জানান, জামাল ও তার সহযোগীরা মেয়ে ও তার বাবাকে মারধর করে এবং কলোনিতে ভাঙচুর করে। এতে কয়েকজন আহত হয়ে ওসমানী হাসপাতালে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।