Sylhet Today 24 PRINT

শিবেরবাজারে হামলার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ০৯ মার্চ, ২০১৫

ফাইল ছবি

সিলেট সদর উপজেলার শিবেরবাজারে একটি দোকানে হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।

জানা গেছে, রোববার রাত সাড়ে ১০টার দিকে মর্তুজ আলী শাহ তার লোকজন নিয়ে শিবেরবাজারে জয়নালের হাসান স্টোরে হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ব্যবসায়ী জয়নাল। আহত জয়নাল আবেদীনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে, বাজারের ব্যবসায়ীরা হামলার প্রতিবাদে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করেন। গত রাতেই মাইকিং করে সোমবার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। বাজার কমিটির সভাপতি বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা হয় নি। সোমবার সালিশ বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন জানান, হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আজ (সোমবার) শিবের বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখেছে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.