Sylhet Today 24 PRINT

সিলেটে স্থাপিত হচ্ছে পূর্ণাঙ্গ টেলিভিশন সম্প্রচার কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০১৬

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশ দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। এ দুটি দল জঙ্গি ও সন্ত্রাসবাদের লালন পালন করে। দেশবিরোধী এ চক্রকে মোকাবেলা ও দেশের চলমান অগ্রযাত্রায় দেশপ্রেমিক সাংবাদিকদের শামিল হতে হবে।

তিনি বুধবার রাতে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়নে সরকার আন্তরিক। সিলেটে তথ্য ভবন স্থাপনসহ সতন্ত্র পূর্ণাঙ্গ টেলিভিশন সম্প্রচার কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের দাবি-দাওয়া তিনি শুনেছেন। এসব দাবি-দাওয়ার ব্যাপারে তিনি সিলেটের অভিভাবক ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে কথা বলার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল ও কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনিরের যৌথ পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান সালাম মশরুর, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আল-আজাদ, দৈনিক বর্তমানের আঞ্চলিক প্রধান লিয়াকত শাহ্ ফরিদী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল মুকিত, নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি, দৈনিক মানবজমিন ও একুশে টেলিভিশনের ব্যুরো প্রধান ওয়েছ খছরু, যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা।

সভায় উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি (২য়) মঈন উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক সুটন সিংহ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, পাঠাগার সম্পাদক কাইয়ুম উল্লাস, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য তুহিনুল হক তুহিন, ইমরান আহমদ, রজত কান্তি চক্রবর্তী, নুরুল হক শিপু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.