Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা নিখোঁজ জয়ীর পিতা-মাতার

ওসমানীনগর প্রতিনিধি  |  ১৯ মে, ২০১৬

"মাননীয় প্রধানমন্ত্রী, প্রায় তিন বছর ধরে আমাদের একমাত্র শিশু কন্যা নিখোঁজ। অপহরণের সাথে জড়িত একাধিক ব্যক্তি আটক ও স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পরও আমার শিশুটি আজও উদ্ধার হয়নি।

আমাদের বিশ্বাস আপনি হস্তক্ষেপ করলে আমাদের বুকের ধনকে আমরা বুকে ফিরে পাবো। আপনিও একজন মা। মা হিসেবে আপনার কাছে জোড়হাত করছি আমাদের শিশুকে ফিরে পেতে আপনি হস্তক্ষেপ করুন।’’

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে উপরোক্ত কথাগুলো বলেন, সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপির ইলাশপুর গ্রামের নিখোঁজ শিশু সিন্ধা দেব জয়ীর পিতা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ দেব ও মাতা সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি সর্বাণী দেব তুলি।

সন্তোষ দেব জানান, ২০১৩ সালের ২১ জুলাই সিলেট নগরীর ভাঙ্গাটিকর এলাকার বিজন বিহারী দামের বাসায় বেড়াতে গেলে অপহরণের শিকার হয় তুলি। এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় প্রথমে সাধারণ ডায়েরী ও পরে অপহরণ মামলা দায়ের করা হয়।

দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৪ আগষ্ট সন্দেহভাজন কাজির বাজারের মাছ বিক্রেতা রবিউলকে আটক করার পর ১৬৪ ধারা জবানবন্দিতে সে জানায়, ঘটনার দিন শহরের ভাঙ্গাটিকরের বিনোদ বিহারী দামের ছেলে শঙ্কর দাম জয়ীকে কোলে করে নৌকাযোগে সুরমা নদী পেরিয়ে শেখঘাটের বাসিন্দা নার্স অনিতা ভট্টাচার্যের হাতে তুলে দেয়।

আদালতে একই ধরনের সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী নৌকার মাঝি আলী আহমদ ও নৌকা ঘাটের ইজারাদার শায়েক আহমদ। এরপর পুলিশ অভিযুক্ত শঙ্কর দাম এবং অনিতাকে গ্রেফতার করে রিমান্ডে আনে। কিন্তু রিমান্ডে অনিতার উপর নির্যাতন করার অভিযোগ উঠলে বিপাকে পড়ে পুলিশ।

পরবর্তীতে মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয় যা আজও তদন্তাধীন আছে। বর্তমানে প্রভাবশালী অনিতা, শংকর দাম ও রবিউল জামিনে রয়েছে । শংকর দামের জামিন বাতিলের জন্য ২০১৫ সালে উচ্চ আদালতে আবেদনও করা হলে একটি রায় হয় যা আজও প্রক্রিয়াধীন আছে।

সন্তোষ দেব আরো জানান, মেয়ে নিখোঁজের পর থেকে আইন শৃংখলা বাহিনীর দ্বারে দ্বারে ছুটেছি আজও ছুটে বেড়াচ্ছি। কিন্ত কাজের কাজ কিছুই হচ্ছে না। অনেকে হয়তো আমাদের উপর বিরক্ত হচ্ছেন কিন্ত একমাত্র মেয়েকে ছাড়া কিভাবে বেঁচে আছি তা বুঝাতে পারবো না।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ ইন্সপেক্টর মোঃ আবদুল আহাদ সমকালকে বলেন, শিশুটিকে উদ্ধারে তৎপরতা অব্যাহত আছে। বাইরের কোন দেশে পাচার করা হয়েছে কি না সে দিকটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.