Sylhet Today 24 PRINT

ক্ষোভের আগুনে পুড়লো সেলিম ওসমানের কুশপুত্তলিকা

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০১৬

এবার ক্ষোভের আগুনে পুড়লো বিতর্কিত সাংসদ সেলিম ওসমানের কুশপুত্তলিকা। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশের পর সেলিম ওসমানের কুশপুত্তলিকা পুড়ানো হয়।

গুজব রটিয়ে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে নারায়ণগঞ্জের স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্ত-কে শারীরিক নিগ্রহ-লাঞ্ছণার প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে "জাতীয় স্বার্থে আমরা তারুণ্য"।

ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক দীপংকর দাশ গুপ্ত এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সিলেট এর সাধারণ সম্পাদক এড আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট এর সাধারণ সম্পাদক আব্দুল করিম ক্বীম, গণজাগরণ মঞ্চ সিলেট এর মুখপাত্র দেবাশীষ দেবু, যুব ইউনিয়ন নেতা এস এইচ শাকিল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সপ্তর্ষি দাস, শাবিপ্রবি ছাত্র ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সুচিত্র গোপ, উদীচী কর্মী সন্দ্বীপ দেব প্রমুখ।



বক্তারা বলেন, শিক্ষক লাঞ্ছণার ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ। স্বাধীনতার ৪৫ বছর পরও এই ধরণের ন্যাকারজনক ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

সমাবেশ থেকে দাবি জানানো হয়, সেলিম উসমানকে প্রকাশ্যে সংসদে সবার সামনে কান ধরে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তার সংসদ সদস্যপদ বাতিলের দাবি জানানো হয়। একই সাথে মসজিদ এর মাইকের অপব্যবহারের নিন্দা জানিয়ে মসজিদের মাইক ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার জন্য সমাবেশ থেকে দাবি তোলা হয়।

এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ করে এবং পরে শহীদ মিনারের সামনের রাস্তায় সাংসদ সেলিম উসমানের কুশপুত্তলিকা পুড়ানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.