Sylhet Today 24 PRINT

সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদকের অব্যাহতি দাবি

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মে, ২০১৬

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদকের শামসুল আলম সেলিমের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতাসহ একাধিক অভিযোগ এনে তাঁর অব্যাহতি দাবি করেছেন সংগঠনটির ৯ জন সদস্য।

সংগঠনের সভাপতি নাজনীন হোসেনের কাছে সম্প্রতি লিখিতভাবে এই অভিযোগ দেন এই কমিটিরই ৯ জন দায়িত্বশীল। লিখিত অভিযোগে তাঁরা শামসুল আলম সেলিমের অব্যাহতির দাবি জানান।

তবে শামসুল আলম সেলিম এসব অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।

অভিযোগপত্রে শামসুল আলম সেলিমের বিরুদ্ধে জোটের আদর্শ পরিপন্থি কাছে অংশ নেওয়া, পারিবারিক ভাবে জামায়াত সংশ্লিষ্টতা, জোটের নামে সার্টিফিকেট বিক্রি, বিএনপি-জামায়াতের পরামর্শে জোট পরিচালনা ও ব্যক্তি স্বার্থে জোটকে ব্যবহার করার অভিযোগ আনা হয়। এতে সাক্ষর করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সহ-সভাপতি প্রিন্স সদরুজামান, আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাদশা গাজী, কোষাধ্যক্ষ কাকলী দত্ত মুন্নী, প্রচার সম্পাদক সুকোমল সেন, দপ্তর সম্পাদক বিপ্রদাস ভট্টাচার্য ও কমিটির সদস্য মো. তাহের।

এসব অভিযোগ এনে তাঁরা সেলিমের অব্যাহতি দাবি করেন।

এ ব্যাপারে অভিযোগকারী আফজাল হোসেন বলেন, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে সেলিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমরা তাঁর অব্যাহতির দাবি করছি।

এই অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্মেলন ছাড়া জোটের পকেট কমিটি করার জন্য পদ প্রত্যাশীরা আমাকে চাপ দিচ্ছে। এই দাবি না মানায় তাঁরা আমার সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ করেছে।

তিনি বলেন, আমার আত্মীয়-স্বজন ভিন্ন মতাদর্শের থাকলেও আমার সাথে তাদের কোন ধরণের সামাজিক সম্পর্ক নেই। সেলিম বলেন, জোটের আদর্শ পরিপন্থী কোন কাজের সাথে আমার সম্পৃক্ততার অভিযোগ ভিত্তিহীন। সুস্পষ্টভাবে অভিযোগগুলো প্রমাণের দাবি জানান সেলিম।

এ প্রসঙ্গে জানতে চাইলে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি নাজনীন হোসেন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি অভিযোগটি পেয়েছি। এই বিষয়ে কার্যনির্বাহী কমিটির সভা ডেকে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, অভিযোগগুলো প্রমাণ সাপেক্ষ বিষয়। সেলিমকেও অভিযোগের উত্তর দেওয়ার কথা বলেছি জানিয়েছি।

সদরুজ্জামান প্রিন্স ভারত থেকে দেশে আসলে পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের বর্তমান কমিটির সদস্যরা ২য় মেয়াদে কাউন্সিল ছাড়াই ঘরে বসে কমিটি গঠন করার কিছুদিনের মধেই ২১ সদস্যের কমিটির সহ সভাপতি মোকাদ্দেস বাবুল, মিশফাক আহমদ চৌধুরী মিশু, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি গুপ্ত ও সদস্য অনুপ কুমার দেব এই চারজন আগেই পদত্যাগ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.