Sylhet Today 24 PRINT

বড়লেখা প্রাথমিক শিক্ষা অফিসের দুর্নীতির বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

বড়লেখা প্রতিনিধি |  ১৯ মে, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা পরিষদের চলিত মে মাসের সমন্বয় সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

৩ মে মঙ্গলবার ‘‘বড়লেখা প্রাথমিক শিক্ষা অফিসে নানা অনিয়মের অভিযোগ’’ সংক্রান্ত একটি সংবাদ সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমে প্রকাশ হলে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়।

রবিবার (১৫ মে) উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু শিক্ষা অফিসের অনিয়ম-দুর্নীতির প্রকাশিত সংবাদের বিষয়টি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় উত্থাপন করেন। ভাইস চেয়ারম্যানের প্রস্তাবের প্রেক্ষিতে শিক্ষা অফিসের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত সভায় সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও এসএম আবদুলাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাসনা, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ প্রশাসনের কর্মকর্তারা পরিষদের সভায় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.