Sylhet Today 24 PRINT

নির্বাচনের অর্থদাতা তাঁরা, তাই ওসমানীনগরে ‘প্রবাসীবরণের হিড়িক’

আনোয়ার হোসেন আনা, ওসমানীনগর  |  ২০ মে, ২০১৬

প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানীনগরের ৮ইউপির নির্বাচন আগামী ২৮ মে।  নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোট উৎসবে অংশ নিতে দলে দলে দেশে ফিরছেন প্রবাসীরা। আগত প্রবাসীদের আনুষ্ঠানিকভাবে বরণ করছেন প্রার্থীর কর্মী সমর্থকরা। দেওয়া হচ্ছে সংবর্ধনা।

ইতিমধ্যে দুই শতাধিক প্রবাসী এসেছেন এবং নির্বাচনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের আগমন অব্যাহত থাকবে বলে জানা গেছে।

জানা যায়, ওসমানীনগরের মানুষ ব্রিটিশ আমল থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ী ও অস্থায়ী ভাবে বসবাস করে আসছেন। এলাকার অর্থনীতির চাকা ঘুরে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে। এলাকার নেতৃত্বে রয়েছেন এসব প্রবাসীরা। পূর্বের মতো আসন্ন ইউপি নির্বাচনেও রয়েছেন বেশ কয়েকজন যুক্তরাজ্য প্রবাসী প্রার্থী। নির্বাচনকে ঘিরে প্রতিদিন প্রতিটি এলাকায় প্রবাসে বসবাসরত প্রার্থীদের আত্মীয়-স্বজনদের কেউ না কেউ দেশে ফিরছেন। প্রার্থীর কর্মী সমর্থকরাও আনুষ্ঠানিক ভাবে তাদের বরণ করে নিচ্ছেন।

প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংকুলানের অন্যতম মাধ্যম প্রবাসীরা। এতে নির্বাচনে সবচেয়ে বেশী প্রাধান্য পাচ্ছেন আগত প্রবাসীরা। নিজেদের প্রার্থীর পক্ষে কাজ করতে প্রতিদিন ২-৪জন প্রবাসী দেশে আসছেন। ইতিমধ্যে ২শতাধিক প্রবাসী দেশে ফিরেছেন এব্ং আরো কয়েক শত প্রবাসী দেশে ফিরবেন নির্বাচনের আগ পর্যন্ত। নির্বাচনী ব্যয়ের যোগানদাতা হওয়ায় বেড়ে গেছে প্রবাসীদর কদরও।

গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গোয়ালাবাজার ইউপির বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ কওছর আহমদের ছোট ভাই রুহুল আমিন দেশে ফিরলে শতাধিক কর্মী সমর্থক গোয়ালাবাজার এলাকায় ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেয়।
 
প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ আহমদ চৌধুরী, কামাল আহমদ, মুজিবুল হক, ছফা মিয়া, সজ্জাদ আহমদ, আখলাকুর রহমান, জাকির হোসেন, মুফতিল হোসেনের সাথে কথা হলে তারা জানান, নির্বাচনকে কেন্দ্র করেই তাদের দেশে আগমন।

উমরপুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী প্রবাসী গোলাম কিবরিয়া বলেন, নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আমার ইউনিয়নে ইতিমধ্যে ২৫-৩০জন প্রবাসী এসেছেন এবং আরো আসছেন।

ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, ওসমানীনগর প্রবাসী অধ্যুষিত এলাকা। নির্বাচনকে ঘিরে অনেক প্রবাসী দেশে ফিরেছেন প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য। তাদের অধিকাংশই যুক্তরাজ্য প্রবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.