Sylhet Today 24 PRINT

জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা সিলেটে অগ্রগামী স্কুল চ্যাম্পিয়ন

সিলেটটুডে ডেস্ক |  ২১ মে, ২০১৬

যুক্তির আলোয়, মুক্তির দ্যুতি ছড়াল সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রতিদ্বন্দ্বী তিন বিদ্যালয়কে পেছনে ফেলে জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ করে নিল অগ্রগামীর ক্ষুদে বিতার্কিকরা। অল্প পয়েন্টের ব্যবধানে তারা ফাইনালে পরাজিত করে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়কে। শনিবার ছিল বিএফএফ-সমকাল ৪র্থ জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার সিলেট রাউন্ড।

সুপ্রভা সুবহা জামানের নেতৃত্বে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অগ্রগামী বালিকা বিদ্যালয় দলের অপর দু’সদস্য হলেন তাশফিহা জাহান ও জান্নাতুল মায়িশা। রানার্স আপ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা হলেন, দলনেতা মো. আব্দুল মঈন খান, আবীর বনিক ও লুৎফুর রহমান তহবিলদার। বিজয়ী দলের দলনেতা সুপ্রভা সুবহা জামান ফাইনালে সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন।  

প্রতিযোগিতায় আরো অংশ নেয় সুনামগঞ্জের জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল। জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা হলেন-ঐশ্বরী তালুকদার, নার্গিয়া ইয়াসমিন নুন ও তামান্না তালুকদার এবং দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের বিতার্কিকরা হল- তাশফিয়া জামান অহনা, রওশান আহমদ মিলি ও ইশরাত জাহান রিয়া। ঘূর্ণিঝড় রোয়ানু’র জন্য বিরূপ প্রকৃতির জন্য কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়া জেলার চ্যাম্পিয়ন দল শেষপর্যন্ত আসতে পারেনি।

গুড়িগুড়ি বৃষ্টিতে ঘড়ির কাটায় ঠিক সকাল ১০ টা বাজলে শুরু হয় যুক্তি-তর্কে কথার লড়াই। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সমকাল’র সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তাসলিমা আক্তার ও সাবেক সহ-সভাপতি ইশতিয়াক হোসেন মুন্সী।

সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি রাজ কুমার দাস তনুর সভাপতিত্বে ও সমকাল সুহৃদ রাজু তালুকদারের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সমকাল’র সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নারীনেত্রী ও সমকাল সুহৃদ সমাবেশ সিলেট জেলার উপদেষ্টা শামীম আখতার, সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, সহকারী প্রধান শিক্ষক মো. কবির খান, বসুন্ধরা টিস্যু এন্ড এফোর পেপার এন্ড হাইজিন প্রোডাক্টের সেলস ম্যানেজার মো. আব্দুল মান্নান।

বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার বিশাল অংশ তরুণ। আশার কথা তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য তাদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে। বক্তারা বলেন, বিজ্ঞানের উদ্দেশ্য বিতর্কের মধ্যে দিয়ে চুলচেরা বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর যারা জীবনে বিতর্ক ভালবেসেছে তাদের এগিয়ে যাওয়ার সংখ্যা বেশী। আর যেখানে যুক্তি বেশী সেখানে যুক্তির কাছে সংঘাত পরাজিত। এ কারনে নতুন, নতুন উদ্ভাবনের প্রতি গুরুত্বারোপ করে বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নতির জন্য শহরের পাশাপাশি গ্রামের শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করে গড়ে তুলতে হবে।

প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিলেন সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও ফয়সল আহমদ বাবলু, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সুহৃদ- সুব্রত বসু, সুজিত দাস, সজিব চৌধুরী, হেনা মম, আসমা অক্তার মনি, রাজর্ষী সেনগুপ্ত, আব্দুল আলীম, সাবের হোসেন রানা, সৌমেন চক্রবর্তী দীপ, অনন্যা দাস গুপ্তা, সৌমিত্র দে, সাব্বির আহমদ প্রমুখ।

সিলেট অঞ্চল পর্বের ফাইনাল শেষে অতিথিরা চ্যাম্পিয়ন, রানার্সআপ ও অংশগ্রহণকারী দলের বিতার্কিকদের মধ্যে ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার তুলে দেন। এ পর্বে বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.