জগন্নাথপুর প্রতিনিধি | ২২ মে, ২০১৬
জগন্নাথপুর উপজেলার দুই ইউনিয়নের ৩ চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিন ব্যাপী ৩ চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আশারকান্দি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আইয়ূব খানের চশমা প্রতীকের সমর্থনে স্থানীয় পাটকুড়া বাজার এলাকায় স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী আইয়ূব খান, সমাজকর্মী লেবু মিয়া, আম্বর আলী, সাক্কা মিয়া, গোপাল সরকার, গিয়াস উদ্দিন, দিলু সরকার, আজিদ মিয়া, শিপন মিয়া, হাদিছ মিয়া, ছালিক মিয়া, অনুকুল সরকার প্রমূখ।
সভায় চেয়ারম্যান প্রার্থী আইয়ূব খান বলেন, আমার চশমা প্রতীকের সমর্থনে ইউনিয়ন জুড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ ও সুষ্ট নির্বাচন হলে অবশ্যই আমার বিজয় হবে। তবে বর্তমানে প্রতিদ্বন্ধি প্রার্থীরা কালো টাকা ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, ইউনিয়নের সম্মানিত ভোটারগণ টাকার বিনিময়ে নয়, অন্তর থেকে আমাকে ভালবেসে চশমা প্রতীকে ভোট দিয়ে আবারো আমাকে নির্বাচিত করলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে আমার অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে আন্তরিকভাবে কাজ করে যাবো।
এদিকে-উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসান সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ কালে বলেন, এবারের নির্বাচনে আমি বিজয়ী হলে ইউনিয়নের প্রতিটি বাড়ি বিদ্যুতায়নের আওতায় আনা হবে। এছাড়া রাস্তা-ঘাটের উন্নয়ন কাজ সমাপ্ত করার মাধ্যমে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নীত করা হবে। তাই তাঁর নৌকা প্রতীকে ভোট প্রদানে তিনি ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান। এ সময় এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এছাড়া সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বিএনপি মনোনীত আরেক চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোছাব্বির ইউনিয়নের বুধরাইল গ্রামে স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ কালে বলেন, আমি নির্বাচিত হলে জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত করবো এবং এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গঠনের লক্ষে কাজ করে যাবো। এ জন্য তিনি তাঁর ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে সকলের প্রতি আহবান জানিয়েছেন। এ সময় এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।