নিজস্ব প্রতিবেদক | ২৩ মে, ২০১৬
নগরীর উপকণ্ঠের বালুচরে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর দখল থেকে এক চিকিৎসকের বাসা উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বালুচরস্থ ফোকাস ১৭৬ নং বাসাটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাসার মালিক ডা. আজিজ মিয়া।
এসময় বাসায় অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে ডা. আজিজের ওই বাসাটি ভাড়া নেন হিরণ মাহমুদ নিপু। বাসায় ওঠার পর থেকে ভাড়া পরিশোধ করেননি নিপু। উল্টো ভাড়া চাইলে তাকে হুমকিও দিতেন বলে অভিযোগ। এই প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় শাহপরাণ থানা পুলিশ ওই বাসাটি দখলমুক্ত করে। দখলমুক্ত করার পর বাসাটি ডা. মো. আজিজ মিয়াকে বুঝিয়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করে পুলিশ। এরপর নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি বাসা উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।