ওসমানীনগর প্রতিনিধি | ২৪ মে, ২০১৬
সিলেটের ওসমানীনগরে মেম্বার প্রার্থীর লিফলেট বিলি করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রকিব মিয়া(৩২) নামের একজন নিহত হয়েছে। সোমবার (২৩ মে) রাত ৮টায় উপজেলার শশরাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রবিক উপজেলার গোয়ালাবাজার ইউপির একারাই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজার ইউপির তিন ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী আপ্তাব মিয়া সমর্থকদের নিয়ে শশারকান্দি গ্রামে গণসংযোগে বের হন। এ সময় কয়েজন শিশু তাদের কাছে লিফলেট চাইলে আপ্তাব মিয়ার সমর্থক শশারকান্দি গ্রামের জাকির শিশুদের কয়েকটি লিফলেট প্রদান করে। শিশুরা হুড়ো হুড়ি করে লিফলেট নেয়ার সময় একরাই গ্রামের দিলবর মিয়ার মেয়ে শিশুটি মাটি পরে গিয়ে আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দিলবর মিয়া উত্তেজিত হয়ে জাকিরকে মারধর করেন। এতে জাকির আহত হয়। তাৎক্ষনিক ভাবে বিষয়টি স্থানীয় লোকজন মীমাংসা করে দেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহত জাকিরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করিয়ে দিলবরের ভাই রকিব সোমবার রাত আটটার দিকে জাকিরকে তার বাড়ী পৌছে দিয়ে ফেরার পথে পূর্বে থেকে ওঁৎ পেতে থাকা জাকিরের চাচাতো ভাই আখতার, রিপন ও আখলু গংরা রকিবের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রকিবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রকিব মারা যায়।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী রকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের লাশ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।