জগন্নাথপুর প্রতিনিধি | ২৪ মে, ২০১৬
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নির্বাচন স্থগিত নিয়ে সর্বত্র বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের একটি রায়ে সীমানা সংক্রান্ত বিরোধের কারণে জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এ ব্যাপারে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাণীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের সীমানা বিরোধ সংক্রান্ত বিষয়ে আমি মামলা করেছিলাম। তবে এ মামলার রায় যে এখন হয়েছে, তা আমার জানা নেই। আমিও বিভিন্ন মাধ্যমে জেনেছি নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সমন্বয়কারি মোহাম্মদ হুমায়ূন কবির বলেন, শুনেছি রাণীগঞ্জ ইউনিয়নের নির্বাচন হাইকোর্টের রায়ে স্থগিত করা হয়েছে। তবে এখনো আমাদের কাছে কোন কাগজপত্র আসেনি।
এদিকে-রাণীগঞ্জ ইউনিয়নের নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়লে ইউনিয়নবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ নিশ্চিতভাবে কিছু বলতে না পারায় নির্বাচন হবে কি না এ নিয়ে সর্বত্র বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এবারের নির্বাচনে ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মজলুল হক (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আব্দুল হাফিজ (স্বতন্ত্র), শহিদুল ইসলাম রানা (নৌকা), সামছুল ইসলাম (ধানের শীষ) ও সুজায়েল আহমদ (স্বতন্ত্র)।
সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১১ জন নারী সদস্য ও সাধারণ ৯ টি ওয়ার্ডে ৪৭ জন সদস্য প্রার্থীসহ মোট ৬৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। বর্তমানে নির্বাচন স্থগিতের খবরে এসব প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।