Sylhet Today 24 PRINT

রিকশা ভাড়ার তালিকা টানিয়েই দায় সারা সিসিকের, মানছেন না চালকরা

মারূফ অমিত |  ২৫ মে, ২০১৬

নগরীর রিকশা ভাড়া নির্ধারণ করে বিভিন্ন পয়েন্টে তালিকা টানালেও তা মানছেন না চালকরা। চালকরা এখনো আগের মতোই ইচ্ছমতো ভাড়া দাবি করছেন। নিজেদের নির্ধারিত ভাড়া কার্যকরের ব্যাপারে কোনো উদ্যোগ নেই সিটি করপোরেশনেরও (সিসিক)।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। মঙ্গলবার ( ২৪ মে) বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বললে এমন অভিযোগ জানান তাঁরা।

কামরুল নামে এক যাত্রী মঙ্গলবার নগরীর কোর্ট পয়েন্ট থেকে উপশহর যাওয়ার জন্য রিকশায় উঠেন। সিসিকের টানানো তালিকা অনুযায়ী এই দুরত্বের ভাড়া ২০ টাকা। তবে গন্তব্যে পৌঁছার পর রিকশা চালক দাবি করেন ২৫ টাকা।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কামরুল বলেন, তালিকা যদি মানাই হয় না তবে তা টানানো হলো কেনো?

মীরাবাজার থেকে বন্দরবাজার আসা যাত্রী দুর্জয় তালুকদার জানান, তালিকা অনুয়ায়ী নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও ২০ টাকা দিয়ে তিনি এসেছেন বন্দরবাজার হাসান মার্কেট পর্যন্ত। ১০ টাকা কম হয়ে যাচ্ছে অযুহাত দেখিয়ে কোন রিক্সাচালক আসতে চাননি বলে জানান তিনি।

আরাে কয়েজন যাত্রী অভিযোগ করেন, সোবহানী ঘাট থেকে উপশহর পর্যন্ত ২০ টাকার নিচে রিক্সাচালকরা যেতে চান না।
 
আম্বরখানা থেকে জিন্দাবাজার আসা রুবায়েত হাসান নামের একজন শিক্ষার্থী জানান, রিক্সাচালক ৩০ টাকা দাবী করেছিলো। ২৫ টাকায় নিয়ে এসেছি, যেখানে ভাড়া দশ থেকে পনের টাকা।

তবে কয়েকজন রিক্সাচালক জানান, সিটি কর্পোরেশনের নির্ধারিত ভাড়া অনেক কম এবং অসামঞ্জস্যপূর্ণ। ফলে এটি মেনে ভাড়া নেওয়া সম্ভব নয়। চালকরা বলেন, সারা দিনে যদি দু-তিনশ টাকা ইনকাম হয় তাহলে রক্সার খরচ দিবে কে আর সংসার চলবে কি করে।

আরও পড়ুন : অবশেষে টানানো হচ্ছে নগরীর রিকশা ভাড়ার তালিকা, কার্যকরের তাগিদ নগরবাসীর

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, আমরা তো ভাড়ার তালিকা টানিয়েছি। এখন না মানলে আমরা কি করব। গরিব মানুষ না মানলে তো আর কিছু করার নেই। মানুষের দায়িত্ব এটা মানা।

উল্লেখ্য, রিকশা ভাড়া নির্ধারণের প্রায় আট মাস পর শুক্রবার থেকে নগরীর প্রায় ৫১ টি মোড়ে ভাড়ার তালিকা টানায় সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃপক্ষ।

এরআগে গত বছরের ফেব্রুয়ারিতে সিটি করপোরেশন ভাড়া নির্ধারণের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে গঠন করা হয় একটি কমিটি। এই কমিটি গত বছরের সেপ্টেম্বরে নতুন রিকশা ভাড়া নির্ধারণ করে।

টানানো তালিকায় তালিকায় প্রতি কিলোমিটার ১০ টাকা, প্রতি ঘন্টা ৫০ টাকা নির্ধারণ করা হয়।

তালিকা অনুযায়ী তালিকায় নির্ধারিত ভাড়া হচ্ছে- কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৩০ টাকা, শিবগঞ্জ ২০ টাকা, মিরাবাজার ১০ টাকা, যতরপুর ১৫ টাকা, উপশহার (এ, আই, এফ, জি, এইচ, জে ব্লক) ৩০ টাকা, উপশহর (বি, সি, ডি, ই ব্লক) ২০ টাকা, নতুন ব্রিজ ২০ টাকা, নতুন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টর্মিনাল ৩৫ টাকা, পুরতন ব্রিজ হয়ে দক্ষিণ সুরমা বাস টার্মিনাল ২০ টাকা, নতুন ব্রিজ হয়ে রেল স্টেশন ৩৫ টাকা, পুরাতন ব্রিজ হয়ে রেল স্টেশন ২০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে বাবনা পয়েন্ট ২০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে টেকনিক্যাল ৩০ টাকা, নতুন ব্রিজ হয়ে কদমতলী ৩০ টাকা, পুরাতন ব্রিজ হয়ে কদমতলী ৩০ টাকা।

কোর্ট পয়েন্ট থেকে লাউয়াই ৪০ টাকা, বিসিক শিল্প নগরী ৪০ টাকা, খোজারখোলা ৩০ টাকা, বরইকান্দি ৩৫ টাকা, গোপশহর মকন দোকান ৪০ টাকা, ঝেরঝেরি পাড়া ১৫ টাকা, দর্জিবন্দ ১৫ টাকা, শাহী ঈদগাহ ২০ টাকা, সরকারি কলেজ ছাত্রাবাস ৩৫ টাকা, শিবগঞ্জ সোনাপাড়া ২০ টাকা, বালুচর ৩৫ টাকা, কাজীটুলা ১৫ টাকা, ইলেকট্রিক সাপ্লাই ২০ টাকা, উত্তর কাজীটুলা ২০ টাকা, গোয়াইটুলা ২৫ টাকা, আম্বরখানা ১৫ টাকা, লেচু বাগান ২০ টাকা, চৌকিদেখি ৩০ টাকা, লাক্কাতুরা ৩০ টাকা, হাউজিং এস্টেট ২০ টাকা, বাদাম বাগিচা ৩০ টাকা, মাছিমপুর ১৫ টাকা, দর্শন দেউরী ১৫ টাকা, রাজারগলি ১৫ টাকা, দরগাহ শাহজালাল গেইট ১০ টাকা।


কোর্ট পয়েন্ট থেকে মিরের ময়দান ১০ টাকা, সুবিদবাজার ১৫ টাকা, গোয়াবাড়ি ৩০ টাকা, আখালিয়া বিডিআর ক্যাম্প গেইট ও শাবি ক্যাম্পাস গেইট ৩৫ টাকা, বাগবাড়ি ২০ টাকা, এতিম স্কুল ২০ টাকা, কানিশাইল খেয়াঘাট ৩০ টাকা, নবাব রোড (শেখঘাট পিচের মুখ, কলাপাড়া ডহর) ২০ টাকা, ঘাসিটুলা বেতের বাজার ২৫ টাকা, শেখঘাট ১০ টাকা, ভাঙ্গাটিকর ১৫ টাকা, ভাতালিয়া ১৫ টাকা, রিকাবীবাজার ১৫ টাকা, ওসমানী মেডিকেল ২০ টাকা, দাড়িয়াপাড়া ১০ টাকা, মির্জাজাঙ্গাল ১০ টাকা, জল্লারপাড় ১০ টাকা, পশ্চিম কাজির বাজার ১০ টাকা, ছড়ারপার ১৫ টাকা, কুমারপাড়া পয়েন্ট ১৫ টাকা, কুমারপাড়া (ঝর্নারপাড়) ২০ টাকা।

কোর্ট পয়েন্ট থেকে কুমারগাঁও বাস টার্মিনাল ৪০ টাকা, মিরাবাজার আগপাড়া ১৫ টাকা, সোবহানীঘাট ১০ টাকা, চালিবন্দর ১০ টাকা, তোপখানা ১০ টাকা, আম্বরখানা কলবাখানী ২০ টাকা, পুরতান ব্রিজ হয়ে ভার্থখলা ২০ টাকা, পীর মহল্লা ২৫ টাকা, মেন্দিবাগ ২৫ টাকা, সাদাটিকর ৩০ টাকা, কুশিঘাট ৩৫ টাকা, শাপলাবাগ ৩৫ টাকা, টুলটিকর ৪০টাকা ও মিরাপাড়া ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.