নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০১৬
কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক মীর সানোয়ার রহমানকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন হোমিও চিকিৎসকরা।
বুধবার (২৫ মে) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে হেনিম্যান হোমিও সোসাইটির আয়োজনে মানববন্ধনে সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক হোমিও চিকিৎসক অংশ নিয়ে এমন নৃশংসতার প্রতিবাদ
জানান।
বাংলাদেশ হোমিও পরিষদের সভাপতি ডা: বীরেন্দ্র চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, একজন পরোপকারী, নির্বিবাদী হোমিও চিকিৎসকের এমন হত্যা চরম বর্বরতার দৃষ্টান্ত। তারা বলেন, সরকার যদি ধর্মের নামে এসব হত্যাকাণ্ড বন্ধ না করতে পারে তবে দেশ এক ভয়াবহ পরিণতির দিকে চলে যাবে।
এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান তারা।
ডা: সাজ্জাদুর রহমান ও ডা: শাহ কামালের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ হোমিও পরিষদের সহ সভাপতি ডা. মালা রানি দে, ডা. মুজিবুর রহমান, বাংলাদেশ হোমিও পরিষদের সাধারণ সম্পাদক
ডাঃ নাজমুল হক, হেনিম্যান হোমিও সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ এএ এম শিহাব উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ডাঃ এম এস আর জাহিদ, ডাঃ শরিফ শাহরিয়ার, ডাঃ মন্টু দাস, ডাঃ আব্দুর রকিব, ডাঃ শামিম আহমন, ডাঃ শাহেদা বেগম, ডাঃ শাহ জামাল উদ্দিন, ডাঃ গৌরাঙ্গ দত্ত, ডাঃ সুদীপ্ত দে, ডাঃ দিলীপ, ডাঃ বুশরাত তানিয়া ও ডাঃ আবুল হোসেন।
আরও পড়ুন- কুষ্টিয়ায় খুন হওয়া চিকিৎসক ছিলেন বাউলভক্ত ও বাম রাজনীতিক
গত শুক্রবার (২০ মে) হোমিওপ্যাথি চিকিৎসক মীর সানোয়ার রহমানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এই হত্যায় ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকারের খবর দেয় সাইট ইন্টেলিজেন্স যদিও সরকারের পক্ষ থেকে আইএস এর এসব দায় স্বীকার ভিত্তিহীন দাবি করা হয়। মীর সানোয়ার হোমিও চিকিৎসা ছাড়াও বাউলভক্ত ও বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন।