Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় গাড়িসহ ৮ ডাকাত আটক

কুলাউড়া প্রতিনিধি |  ২৫ মে, ২০১৬

মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতি ও ছিনতাইসহ নানা অপকর্মের মূলহোতা ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত চুরি করা ৭টি গাড়ি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৪ মে) বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফাতারকৃতরা হলো কুলাউড়া পৌরসভার উত্তর জয়পাশা এলাকার মৃত মন্তর আলী’র ছেলে মোস্তাফিজুর রহমান ফুল (২৯), শিবির রোড এলাকার মোশারফ হোসেনের ছেলে আশরাফ হোসেন রনি(২৮) এবং মোঃ মতিন মিয়া’র ছেলে হৃদয় আহমেদ বাহার (২১), জয়পাশা এলাকার মন্নান মিয়া’র ছেলে মোঃ শাহিন মিয়া(২৭) ওই এলাকার মৃত মকবুল আলী’র ছেলে আবুল হোসেন (৩৪), বড়কাপন গ্রামের আনোয়ার মিয়ার ছেলে শহিদ মিয়া(২৬), কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামে’র মদরিছ আলী’র ছেলে হেলাল মিয়া(২৯), সিলেটের গোলাপগঞ্জ থানার বারকোট কর্তাপাড়া গ্রামের শাহাব উদ্দিনের ছেলে রাজু আহমেদ ইকবাল(২৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে মঙ্গলবার সারাদিন অভিযান পরিচালনা করে প্রথমে মোস্তাফিজুর রহমান ফুল, আশরাফ হোসেন রনি, হৃদয় আহমেদ বাহার, মো. শাহিন মিয়া ও আবুল হোসেনকে উপজেলা পরিষদের পাশে পরিত্যাক্ত একটি বাসা থেকে দেশীয় অস্ত্রসহ আটক করে। পরে আটককৃতদের দেয়া তথ্যমতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকায় গ্রামীন ব্যাংকের পাশের সড়ক থেকে একটি প্রাইভেটকারসহ (ঢাকা মেট্রো-খ-১১-৯০৮২) গ্রেফতার করা হয় শহিদ মিয়া, হেলাল মিয়া ও রাজু আহমেদ ইকবালকে।

এছাড়াও তাদের স্বীকারোক্তিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাতি ও ছিনাতাইয়ের কাজে ব্যবহৃত চোরাইকৃত ১টি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৫২৪৮), ৫টি প্রাইভেট কার নং (ঢাকা মেট্রো-খ-১১-৭৩১৩, সিলেট-চ-১১-৩২২৭, ঢাকা মেট্রো-ক-০৩-৩০২৭, ঢাকা মেট্রো-গ-১১-০৯৬১, ঢাকা মেট্রো-ন-১৮-৫২৪৮) উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায় আটককৃতরা আন্ত:জেলা ডাকাত দলের মূলহোতা। গাড়ি চুরি করে সেগুলো আবার ডাকাতি ও ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হত। তারা সিলেট বিভাগে সংঘটিত বিভিন্ন ডাকাতি, ছিনতাই, গাড়ি চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা গাড়িসহ আন্ত:জেলা ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিভাগের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.