নিজস্ব প্রতিবেদক | ২৬ মে, ২০১৬
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন প্রক্রিয়া। তবে আবেদন করতে গিয়ে শুরুতেই বিড়ম্বনায় পড়েছেন শিক্ষার্থীরা। সারাদিন চেষ্টা করেও অনেকে নির্ধারিত সাইটে ঢুকতে পারেননি। গতবছরও অনলাইনে একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে গিয়ে ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯টায় আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ঘণ্টা দেড়েক পিছিয়ে তা শুরু হয় সাড়ে ১০টার দিকে।
বৃহস্পতিবার আবেদনের প্রথম দিনে নগরীর বিভিন্ন সাইবার ক্যাফে এবং ভর্তিচ্ছুদের সঙ্গে কথা বলে আবেদন করতে গিয়ে ওয়েবসাইট স্লোসহ নানা বিড়ম্বনার কথা জানা যায়।
নগরীর শিবগঞ্জের গ্রীণহিল স্টেইট কলেজের শিক্ষক শাহনেওয়াজ সোহাগ বলেন, আমি সকাল থেকে সারাদিন অনলাইনে বসেও নির্ধারিত সাইটে ঢুকতে পারিনি। আমার মতো আরও অনেক শিক্ষার্থীকে এমন দুর্ভোগ পোহাতে হয়েছে।
মাহমুদুল হাসান নামে সাইবার ক্যাফের এক কর্মী বলেন, সকাল সাড়ে ১০টায় আমি ওয়েবসাইটে ঢুকতে পারি। সারা দিনে মাত্র ৩টি আবেদন পাঠাতে পারছি। ১২টার পর থেকে আর আবেদন করা যাচ্ছে না। পেইজ লোডিং দেখাচ্ছে। সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে। কোনো ভাবেই আবেদন করা যাচ্ছে না।
সীমান্ত নামের এক ভর্তিচ্ছু বলেন, ‘টেলিটকে টাকা জমা দিয়েছি। ওয়েবসাইটে ঢোকাই যাচ্ছে না। অনেক্ষণ পর একটা আবেদনে পেইজ আসছে। সবকিছু দিয়ে সাবমিট করলাম। লোডিং হয়ে হয়ে সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে।’
এ বিষয়ে মোবাইল সেবা প্রদানকারী টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে শুরুতে কয়েক মিনিটের জন্য সমস্যা হয়েছিল। এখন কোনো সমস্যা হচ্ছে না। টেলিটকে টাকা জমা দেয়ার সাথে সাথে ট্রানজেকশন আইডি দিয়ে দেয়া হচ্ছে। সকালের বিষয়টিকেই বড় করে দেখা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান বলেন, ‘সকালের দিকে একটু সমস্যা হয়েছিল সমন্বয়হীনতার কারণে। এখন সবকিছু ঠিকঠাক চলছে। এ পর্যন্ত প্রায় ৫০ হাজারের মতো আবেদন হয়েছে।’
এর আগে গতকাল বুধবার (২৫ মে) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের নিয়মাবলি প্রকাশ করে ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত এ নির্দেশিকা প্রকাশ করা হয়।
নির্দেশিকায় বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অনলাইনে এবং টেলিটক বায়োমেট্রিক নিবন্ধিত প্রি-প্রেইড সংযোগে এসএমএসের মাধামে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে।
অনলাইনে ১০টি, এসএমএসের মাধ্যমে ১০টিসহ মোট ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী আবেদন করতে পারবে।
দুই মাধ্যমেই যোগ্যতানুযায়ী মেধাক্রম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আবেদনকারীকে জানিয়ে দেয়া হবে।অনলাইনে এক জন শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে যখন খুশি তখন ১০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদন করার জন্য প্রথমে টেলিটক সংযোগের মাধ্যমে ১৫০ টাকা পরিশোধ করতে হবে।
টাকা পরিশোধের নিয়ম
CAD WEB Board ROLL Year Reg.no. লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আবেদনকারীর নাম, শিক্ষা বোর্ড, পাসের সাল, এবং রোল নম্বরসহ আবেদন ফি বাবদ ১৫০ টাকা কেটে নেয়া হবে জানিয়ে একটি পিন নম্বর প্রদান করা হবে।ফি প্রদানে সম্মত হলে মেসেজ অপশনে গিয়ে CAD Yes PIN বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফি সঠিকভাবে জমা দেয়া হলে প্রার্থীর মোবাইলে নিশ্চিতকরণের একটি ট্রান্সজেকশন আইডিসহ এসএমএস যাবে।
আবেদনের নিয়ম
টেলিটকে আবেদন ফি দেয়া সম্পন্ন হলে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd)-তে গিয়ে Apply Online-এ ক্লিক করতে হবে। তারপর প্রয়োজনয়ীয় প্রক্রিয়ার মাধ্যেমে আবেদনকারী একটি ফরম পাবে। সেটি ডাউনলোড করে নিতে হবে।
মোবাইলে আবেদনের নিয়ম
টেলিটকের সংযোগের মাধ্যেমে মেসেজ অপশনে গিয়ে CAD EIIN Key word এর দুই অক্ষর বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভর্তিচ্ছু শিফটের প্রথম তিন অক্ষর (শিফট না থাকলে N) লিখে দিয়ে ভার্সনের প্রথম অক্ষর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।