Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বন্যায় তলিয়ে গেছে ৮টি ভোট কেন্দ্র

ওসমানীনগর প্রতিনিধি |  ২৭ মে, ২০১৬

শনিবার (২৭ মে) সিলেটের ওসমানীনগরের ৮ইউপির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । কিন্তু একদিন আগে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল নামার কারণে নিম্নাঞ্চলের কিছু এলাকা বন্যা কবলিত হওয়ায় তলিয়ে গেছে ৮টি ভোট কেন্দ্রের মাঠ। কেন্দ্র পরিবর্তনের ব্যবস্থা না থাকায় প্রশাসন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানিজিং কমিটির সভাপতিকে মাঠে বালি মাটি দেয়ার অনুরোধ জানিয়েছেন। কক্ষের মধ্যে পানি ঢুকে গেলে বিকল্প ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম।

সরেজমিন ঘুরে এবং খোঁজ নিয়ে জানা গেছে, পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের কিছু এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। যার কারণে উপজেলার  গোয়ালাবাজার ইউপির জায়ফর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলারাই সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাদীপুর ইউপির রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পৈলনপুর ইউপির ভল্লবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিয়ামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উমরপুর ইউপির শাহ্ সিকন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কঠালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বন্যার জলে তলিয়ে গেছে। কিছু কেন্দ্রে হাটুজল রয়েছে। একই সাথে তলিয়ে গেছে অনেক গ্রামের রাস্তাঘাট। জলমগ্ন কেন্দ্র গুলোতে ভোট দেয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা। এই কেন্দ্র গুলোর ভোটার সংখ্যা রয়েছে ১২হাজার ৬শ ৪৮জন। যাদের অধিকাংশই নারী ভোটার। হাটু পানি অতিক্রম করে নারী ভোটাররা ভোট দিতে আসবেন কি না এনিয়ে সংশয়ে রয়েছেন প্রার্থীরাও। এছাড়া পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।

সাদীপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী কবির উদ্দিন জানান, তার ইউপিতে ১টি বলেন, আমার ইউপির রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে হাঁটু জল রয়েছে। এবং একাধিক গ্রাম রয়েছে বন্যা কবলিত। পশ্চিম পৈলনপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী আবদুল হাফিজ এ মতিন গেদাই জানান, আমার ইউনিয়নের তিনটি কেন্দ্রে পানি রয়েছে। উমরপুর ইউপির চেয়ারম্যান প্রার্থী এইচএম রায়হান আহমদ জানান, তার ইউপির দুটি কেন্দ্রে পানি রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত আলী বলেন, কেন্দ্র গুলোর মাটে কিছু বালি মাটি দেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে অনুরোধ করা হয়েছে। সিলেট জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, কেন্দ্রের কক্ষে পানি না ঢুকলে ব্যবস্থা গ্রহণ করে ঐ কেন্দ্রেই ভোট গ্রহণ করা হবে। কক্ষে পানি ঢুকলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.