Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে ভোটারদের দীর্ঘ লাইন: ধীর গতিতে ভোটগ্রহণের অভিযোগ

দেবব্রত চৌধুরী লিটন, বালাগঞ্জ থেকে |  ২৮ মে, ২০১৬

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এ সময় ধীরগতিতে ভোটগ্রহণের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করছেন ভোটাররা। 

শনিবার (২৮ মে) এমন দৃশ্য দেখা যায় উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে। 

৫নং ওয়ার্ডের গৌরীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা ৩ টায় গিয়ে দেখা গেছে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রের ভোটার ইর্শাদ আলী সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধীরগতিতে ভোট গ্রহনের কারনে শেষ সময় এসে ভোটারদের লাইন এতো দীর্ঘ হয়েছে।

এ কেন্দ্রটিতে ১৯৭৬ জন ভোটার রয়েছেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার খলিলুর রহমান। এতো দীর্ঘ লাইন ও ধীরগতিতে ভোট গ্রহনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রায় ২ হাজারের মত ভোটারদের জন্য এই ভোট কেন্দ্রটি ছোট স্কুল হওয়ার কারনে মাত্র ৪ টি বুথে আমরা ভোট গ্রহন করছি।

তিনি জানান, তাছাড়া বৃষ্টির কারণে সকালের দিকে কম সংখ্যক ভোটার কেন্দ্রটিতে ভোট দিতে এসেছিলেন। তাই শেষ সময়ে এসে ভোটারদের চাপ বেড়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.