Sylhet Today 24 PRINT

ফল প্রত্যাখান করে ওসমানীনগরে আ. লীগের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জে আহত ১০

ওসমানীনগর প্রতিনিধি  |  ২৯ মে, ২০১৬

ওসমানীনগরে দয়ামীর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর শনিবার রাত ৯টার দিকে সড়ক অবরোধ করে আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। তারা দয়ামীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়ধিরারাই মজম্মিল আলীর ডাক বাংলোর ভোট কেন্দ্র থেকে প্রায় ৩শ ব্যালট ছিনতাই করা হয়েছে এই অভিযোগে দয়ামীর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে।

প্রায় একঘন্টা পর রাত ১০টার দিকে র‌্যাব, বিজিবি ও পুলিশ লাঠিচার্জ শুরু করলে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।  স্বাভাবিক হয়ে আসে মহাসড়কে যান চলাচল।
পুলিশের লাঠিচার্জে নৌকা মার্কার সমর্থক, পথচারী, ব্যবসায়ীসহ প্রায় ১০জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাৎক্ষনিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নে বিএনপির প্রার্থী এইচটিএম ফখর উদ্দিন নির্বাচিত হন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনের সহযোগীতায় ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.