Sylhet Today 24 PRINT

গোবিন্দগঞ্জে আওয়ামী নেতা মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৬

আওয়মী লীগ নেতা নূরুল ইসলাম মনির'র মৃত্যু ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আফিয়া খাতুন বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামী করেন তিনি।

শনিবার (২৮ মে) দুপুরে ছাতক থানায় এ মামলা দায়ের করা হয়।

জানা গেছে, সুনামগঞ্জ জেলার ছাতক থানার রাধানগরের মৃত হানিফ উল্লাহর পুত্র ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূরুল ইসলাম মনির একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২৩ মে সোমবার বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেন নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রাত অনুমান ৮টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন ছৈত্তিঘর এলাকার একটি ডোবায় আহতাবস্থায় পেয়ে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই রাতেই নূরুল ইসলামের মৃত্যু ঘটে। সামাজিক যোগযোগ মাধ্যমে জানতে পেরে স্বজনরা সিলেট ওসমানী হাসপাতালে গিযে তাকে সনাক্ত করেন।

ময়না তদন্ত শেষে তাকে বাড়ি নিয়ে দাফন করা হয়। পরে নুরুল ইসলামের স্ত্রী আফিয়া খাতুন এ ঘটনায় শনিবার ছাতক থানায় একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার স্বামী নূরুল ইসলাম মনির (৫৩) গত ২৩মে বিকেলে গোবিন্দগঞ্জ বাজার যাওয়ার পথে অজ্ঞাতনামা ঘাতকরা তাকে অপহরন করে।

পরে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুরুতর জখম করে এসএমপি’র মোগলাবাজার ছৈত্তিঘর এলাকায় ডোবায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে ঘাতকরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

ছাতক থানার ওসি আশিক সুজা মামুন আফিয়া খাতুনের অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.