নিজস্ব প্রতিবেদক | ১১ মার্চ, ২০১৫
জামিন না পেয়ে মঙ্গলবার আদালত চত্বরে বিক্ষোভ ও ফটো সাংবাদিককে মারধর করেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমানের সমর্থকরা । এই ঘটনার একদিন পরই তিনি জামিন পেয়েছেন ।
বুধবার সকালে জেলা ও দায়রা জজ খন্দকার কামালুজ্জামান সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা ও পাথর ব্যবসায়ী আবদুল আলী হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুল ইসলাম।
জামিন মঞ্জুর হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, জেলা সদস্য এডভোকেট আজমল আলী ও এডভোকেট হাবিবুর রহমান ভুট্টু।
এর আগে গত মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ আসামীরা জামিন আবেদন করলে বিচারক কুদরই ই খোদা জামিন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৪ অক্টোবর কোম্পানীগঞ্জের কাটাখাল এলাকায় যুবলীগ নেতা ও পাথর ব্যবসায়ী আব্দুল আলীকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়। এ ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে ২৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামী আওয়ামী লীগ নেতা এডভোকেট মাহফুজ, এডভোকেট আজমল ও এডভোকেট হাবিব উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত ৩ মার্চ নি¤œ আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।