নিজস্ব প্রতিবেদক | ৩০ মে, ২০১৬
ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার এমডি জারজীছ আলীসহ তিনজনের বিরুদ্ধে ফেঞ্চগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অগ্নিদগদ্ধ আহত তিন পথচারী পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করা হয়। মনির আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে রোববার এ অভিযোগ দায়ের করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়াবদার বশির মিয়া কলোনীর বাসিন্দা সমরু মিয়ার পুত্র মনা মিয়া (৩০), মৃত আব্দুস সাত্তারের পুত্র হেলাল মিয়া (২৫), মৃত ফরিদ মিয়ার পুত্র সফিক মিয়া (২৫) আহত হন। ড্রেনের পাশ দিয়ে বাড়ি ফেরার পথে তারা আহত হন।
ঘটনাস্থলে আহত তিনজনের মধ্যে মনা মিয়াকে সিলেট ওসমানী হাসাপাতালে ভর্তি করা হয়। হেলাল ও সফিক মিয়াকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে মনা মিয়ার অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা যায়।
আহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শাহজালাল সারকারখানার কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে এই দুর্ঘটনার শিকার হতে হয়েছে কারখানার বাইরের তিন পথচারীকে। কিন্তু আহতদের দেখতে সারকারখানার কোন কর্মকর্তা হাসপাতালে যাননি বা খোঁজ খবর নেননি। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগের প্রেক্ষিতে সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা ঘটনাটি তদন্ত করছেন বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস ছালেক জানিয়েছেন।
গত ২৬ মে বৃহস্পতিবার রাতে সারকারখানার কনডেনসেট অয়েল ওভার ফ্লো হওয়ায় তেল ড্রেনে পড়ে তা ময়লার ড্রেনের মাধ্যমে বাইরে ছড়িয়ে পড়ে। এ কারণে ওই আগুন লাগার ঘটনা ঘটে।