মাধবপুর প্রতিনিধি | ৩০ মে, ২০১৬
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামের কামারদের যন্ত্রপাতি নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা কয়েকটি পরিবারের হাওয়া বাতি, পাটা,চুলা ভেঙ্গে দিয়েছে।
রোববার (৩০ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকার সংখ্যালঘুদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার মৌজপুর গ্রামের কামার পাড়ার বিনোদ কর্মকার , হরি কর্মকার, লনি কর্মকার,সুদাংশু কর্মকার,মন্দ্রি কর্মকার সহ ৮ টি পরিবারের ব্যবহার যন্ত্রপাতি গুলো নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। সোমবার সকালে তারা এ দৃশ্য দেখে পুলিশ কে খবর দেয়।
সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ওসি মোকতাদির হেসেন জানান,অপরাধি যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।