Sylhet Today 24 PRINT

অবশেষে পিছু হটলো স্কলার্সহোম কর্তৃপক্ষ, বেতন বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ৩০ মে, ২০১৬

অবশেষে পিছু হটলো স্কলার্সহোম। অভিভাবকদের আন্দোলনের মুখে এই শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

এরআগে বছরের মাঝামাঝি সময়ে হুট করে ৬০০ টাকা বেতন বাড়িয়ে দেয় হাফিজ মজুমদার ট্রাস্ট পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

সম্প্রতি স্কলার্সহোমের সকল শাখায় প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত বেতন ১৪০০ টাকা থেকে ৬০০ টাকা বৃদ্ধি করে ২০০০ টাকা করা হয়। এর প্রতিবাদে বুধবার (২৫মে) স্কলার্সহোমের সকল ক্যাম্পাসে মানববন্ধন করে অভিভাবক ফোরাম। এই মানববন্ধনে ৩০ মে'র মধ্যে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করার আল্টিমেটাম দেন তারা।

শনিবার(২৮মে) রাতে হাফিজ মজুমদার ট্রাস্টের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারের সাথে অভিভাবকদের বৈঠক হয়। রিকাবীবাজারস্থ পূবালী ব্যাংকের হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকে বেতন বাড়ানোর কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এরফলে অভিভাবক ফোরামের নেতারাও তাদের সকল কর্মসূচী স্থগিত করেন।

হাফিজ মজুমদার ট্রাস্টের সদস্য সচিব লোকমান উদ্দীন চৌধুরী বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী বর্তমান নিয়মেই বেতন পরিশোধ করবেন। তবে আগামী জানুয়ারি থেকে এই সকল ক্লাসের শিক্ষার্থীদের বেতন ৪০০ টাকা হারে বাড়িয়ে ১৮০০ টাকা করা হবে। কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেতন বৃদ্ধি আগামী জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ এই সব ক্লাসের শিক্ষার্থীদের ১৪০০ টাকার স্থলে ২০০০ টাকা বেতন পরিশোধ করতে হবে।

তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেতন বর্ধিত বেতন বহাল থাকার কারণে কিছু অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এটা বৈষম্যমূলক সিদ্ধান্ত। আংশিকভাবে শুধু একাদশ ও দ্বাদশ শ্রেণীর বেতন বৃদ্ধি করা উচিৎ হয় নি।

যেহেতু প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত বেতন বৃদ্ধি হচ্ছে না তাহলে শুধু একাদশ ও দ্বাদশ কেন? এতোদিন সকল শ্রেণীর বেতন সমান ছিলো। সবার সাথে সামঞ্জস্য রেখে এটা আগামী বছর থেকেও কার্যকর করা যেতো।

স্কলার্সহোম অভিভাবক ফোরামের আহবায়ক ফয়জুল আনোয়ার আলাওর জানান, শনিবার রাতে স্কলার্সহোমের প্রতিষ্ঠাতা হাফিজ আহমদ মজুমদারের সাথে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক হয়। বৈঠকে ৬টি ক্যাম্পাসের প্রতিনিধিদের উপস্থিতিতে বেতন না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ অবস্থায় তারা তাদের পূর্বনির্ধারিত সকল কর্মসূচী স্থগিত করেছেন।

এদিকে, গত রোববার রাত ৯টায় নগরীর শাহী ঈদগাহ স্থানীয় রেস্তোরা হলরুমে স্কলার্সহোম অভিভাবক ফোরামের সভা অনুষ্ঠিত হয়।

ফয়জুল আনোয়ার আলাওর এর সভাপতিত্বে ও শেখ মো. আজাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, ট্রাষ্ট্রের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এর নিকট স্ব-স্ব ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধিরা সমস্যাগুলো তুলে ধরেন। তিনি অভিভাবকদের আশ্বস্থ করেন খুব শীঘ্রই দাবীগুলো পূরণ করা হবে এবং প্রতি ৬মাস পর পর অভিভাবক ফোরামের সাথে স্ব স্ব ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে আলোচনায় বসা হবে।

আলোচনা সভা থেকে পূর্ব ঘোষিত ৩০ মে’র আলটিমেটাম এবং বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত স্থগিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.