Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে বিজয়ী প্রার্থীর শুভেচ্ছা বিনিময়ে সংঘর্ষ আহত ১০

ওসমানীনগর প্রতিনিধি |  ৩০ মে, ২০১৬

ওসমানীনগরে বিজয়ী প্রার্থীর শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে মারাত্মক আহত দুই জনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ২ঘটিকার দিকে উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে বিজয়ী রুপিনা খানম বুরুঙ্গা বাজারে শুভেচ্ছা বিনিময় করতে যান। স্থানীয় কাপড় ব্যবসায়ী সোহেল মিয়ার কাপড়ের দোকানে শুভেচ্ছা বিনিময় করার সময় রুপিনার সমর্থক এক যুবক মোবাইল ফোনে ছবি তুলতে শুরু করে। এ সময় সোহেল মিয়া তার দোকানে বসা মহিলা ক্রেতাদের ছবি তুলতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে তিব্র বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রুপিনার সমর্থকরা সোহেল মিয়াকে বেদম মারপিট করে।

এসময় সোহেল মিয়া দুই ভাই তাদের বাধা দিতে তারাও হামলার শিকার হন। পরবর্তীতে সোহেল মিয়ার লোকজন হামলাকারীদের উপর চড়াও হলে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। পরে এলাকার বিশিষ্ট লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

আহতরা হচ্ছেন সোহেল মিয়া (২৫), আজিজ আহমদ (২৩), মতিন আহমদ (১৮), তানভির (২২), সানী (২১), শাহী (২৫), রেজুয়ান (২৪) মঈনুল (২৩), আলিম (১৮), বশির (২২)। এদের মধ্যে মারাত্মক আহত সোহেল মিয়া (২৫) ও তানভির (২২) কে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ডাক্তারখানায় চিকিৎসা দেওয়া হয়েছে।

বুরুঙ্গা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান খালেদ আহমদ লটই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি আপোষে মিমাংসার প্রচেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.