সিলেটটুডে ডেস্ক | ১২ মার্চ, ২০১৫
বিরোধীদলীয় হুইপ ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সেলিম উদ্দিন এমপি’র সিলেট নগরীর শিবগঞ্জ দেবপাড়াস্থ আলপনা ৪৪ নম্বর বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হরতাল ও অবরোধ সমর্থকরাই আতংকগ্রস্থ করতে এই হামলা চালিয়ে থাকতে বলে ধারনা করা হচ্ছে
হুইপ সেলিম উদ্দিন জানান- রাতে তার বাসা লক্ষ্য করে দুর্বৃত্তরা বোমা জাতীয় কোন কিছু ছুঁড়ে মারে। এর বিস্ফোরণে বিকট শব্দ হলে তার বাসাসহ আশপাশ বাসার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি এসময় বাসায় ছিলেন না। বিস্ফোরণের খবরটি তিনি ফোনে শাহপরাণ থানার ওসিকে অবগত করেছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটি ককটেল হতে পারে ।
হুইপ সেলিম উদ্দিনের একান্ত সচিব রুহুল আমিন জানান- বিস্ফোরণের খবর পেয়ে শাহপরাণ থানার ওসি সাখাওয়াত হোসেন হুইপের বাসায় ছুটে আসেন। তিনি বিস্ফোরণের আলামত সংগ্রহ করে নিয়ে যান।
এদিকে, সেলিম উদ্দিনের বাসায় বিস্ফোরণের খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা জাপার সাবেক সহ সভাপতি আব্দুস শহীদ লশকর বশীর, সিলেট জেলা জাতীয় যুবসংহতি সভাপতি আলতাফুর রহমান আলতাফ, সিলেট জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি সহিদ আহমদ শিব্বির, সহ-সভাপতি কুটি মিয়া, যুক্তরাজ্য যুব সংহতির সাধারন সম্পাদক আব্দুল আলীম, জেলা ছাত্র সমাজের যুগ্ম-আহবায়ক কামাল উদ্দিন, মান্না আহমদ।