Sylhet Today 24 PRINT

অপহরণ করে মুক্তিপণ দাবি, টিলাগড় থেকে ২ ছাত্রলীগ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মে, ২০১৬

জৈন্তাপুর থেকে এক তরুণকে অপহরনের ঘটনায় টিলাগড় থেকে ২ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- কানাইঘাটের রাজাগঞ্জ গ্রামের সামসুল হকের ছেলে লালন হোসেন মোল্লা এবং গোলাপগঞ্জের জালালনগর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে ফাহাদ আহমেদ সানী।

মঙ্গলবার বিকেল ৩টায় টিলাগড় পয়েন্টের টি এম এন্টারপ্রাইজ নামক দোকান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা ছাত্রলীগের রায়হান চৌধুরী গ্রুপের কর্মী বলে জানা গেছে।

জৈন্তাপুর পুলিশ সুত্রে জানা যায়, সোমবার জৈন্তাপুরের ঠাকুরের মাটি গ্রামের আব্দুল লতিফের ছেলে ইমরান (১৯) কে অপহরণ করে টাকা দাবি করে অপহরণকারীরা। পরে ইমরানের পরিবার অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৪৫ হাজার টাকা পাঠান কিন্তু অপহরণকারীরা এতে সন্তুষ্ট না হয়ে আরো টাকা দাবি করে। এ ঘটনায় আব্দুল লতিফ জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে এবং বিকাশ নম্বরের সুত্র ধরে টিলাগড় থেকে তাদের আটক করে। পরে সিলেট সরকারী কলেজ সংলগ্ন পেট্রোল পাম্প থেকে অপহরণকৃত ইমরানকে উদ্ধার করে পুলিশ।





টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.