নিজস্ব প্রতিবেদক | ০১ জুন, ২০১৬
বর্ধিত গ্যাস সংযোগ বন্ধের প্রতিবাদে মঙ্গলবার নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অফিসে বিক্ষোভ হয়েছে। পরে প্রতিষ্ঠানের এমডি’র সাথে বৈঠক করে বিক্ষুব্ধরা তাদের কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন।
জালালাবাদ গ্যাস কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সরকার জানান, বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। নতুন সংযোগ বন্ধ থাকলেও যে সব গ্রাহকের নামে রাইজার ছিল-তারা এক্সটেনশন সংযোগ নিতে পারতেন। কিন্তু, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ সোমবার রাতে আকস্মিক এক্সটেনশন লাইন বন্ধের ঘোষণা দেয়।
এতে ক্ষুব্ধ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন মঙ্গলবার সকাল ১০টা থেকে গ্যাস অফিস চত্বরে বিক্ষোভ করে বলে জানান তিনি। এক পর্যায়ে এমডি প্রকৌশলী রেজাউল করিম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পরমজ্যোতি প্রদীপ এবং সহ-সভাপতি ফখর উদ্দিনের সাথে বৈঠকে মিলিত হন। বৈঠকে এমডি জানান, পেট্রোবাংলার চেয়ারম্যান ও ডাইরেক্টর(অপারেশন) বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফেরার পর তিনি এ নিয়ে তাদের কথা বলবেন। এমডি’র এমন আশ্বাসে বেলা ১টায় তারা ৪ জুন পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন।
রঞ্জন জানান, প্রায় ১০ হাজার পেন্ডিং ফাইলের বিষয়ে কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত না দিয়েই আকস্মিক এক্সটেনশন সংযোগ বন্ধের ঘোষণা দেয়।
জালালাবাদ গ্যাসের একটি সূত্র জানায়, সরকারি সিদ্ধান্তেই এক্সটেনশন গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। তিনি জানান, কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের লোকজন এ নিয়ে এমডি’র সাথে কথা বলেছেন। এমডি পেট্রোবাংলার চেয়ারম্যান দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে আন্দোলনকারীদের জানিয়েছেন।