সিলেটটুডে ডেস্ক | ১২ মার্চ, ২০১৫
সুনামগঞ্জ জেলার ছাতকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের তজম্মুল আলী ও জামাল উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- বৃহস্পতিবার সকালে তজম্মুল আলী বাড়ির পাশের ধান ক্ষেতে সেচ দিতে যান। এসময় পূর্ববিরোধের জের ধরে জামাল উদ্দিন ও তার লোকজন এসে হামলা চালান। তজম্মুল আলীকে রক্ষা করতে এসে হামলার শিকার হন তার ছেলে ময়না মিয়া ও পুত্রবধূ মিনারা বেগম।
একপর্যায়ে তজম্মুল আলীর পক্ষের লোকজন প্রতিরোধে আসলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
আহতদের মধ্যে তজম্মুল আলী পক্ষের তজম্মুল আলী, ময়না মিয়া, মিনারা বেগম, বাবুল মিয়া এবং জামাল উদ্দিন পক্ষের আবদুস সালাম, তুহেল, আমির ও নূরুদ্দীনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়া তজম্মুল আলীর পক্ষের হাজেরা বেগম ও আবদুর রশিদকে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। আহত বেশ কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ছাতক থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি।
প্রসঙ্গত, তজম্মুল আলী ও জামাল উদ্দিন উভয়ই আওয়ামী লীগ সমর্থক। এদের মধ্যে তজম্মুল আলী ছাতক পৌরসভার মেয়র কালাম চৌধুরী ও জামাল উদ্দিন সাংসদ মুহিবুর রহমান মানিক গ্রুপের সমর্থক বলে স্থানীয়রা জানিয়েছেন ।