নিজস্ব প্রতিবেদক | ০৪ জুন, ২০১৬
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে ভোট হবে সিলেট বিভাগের ১২ উপজেলায় ৮৬ ইউপিতে। শনিবার সকাল ৮টা থেকে বিভাগের চার জেলায় ভোট উৎসবে অংশ নেবেন ১৩ লাখ ৮৯ হাজার ১৪৪ ভোটার। তারা ৮৩৬ কেন্দ্রে ৩ হাজার ৫৯৫ কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ৬২৫টিই কেন্দ্র ঝুঁকিপূর্ণ।
সিলেটের বিয়ানীবাজার, জকিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার ২১টি ইউনিয়নে, সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলার ২৬টি ইউনিয়নে, মৌলভীবাজারের সদর উপজেলার ১২টি ইউনিয়নে, হবিগঞ্জের সদর, বাহুবল, চুনারুঘাট ও বানিয়াচং উপজেলার ২৭টি ইউনিয়নে আজ শনিবার শেষধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রয়েছে- সিলেটে ১৯৫টি কেন্দ্রের মধ্যে ১০৮টি, মৌলভীবাজারে ১১৩টি কেন্দ্রের মধ্যে ৯৫টি, হবিগঞ্জে ২৬৯টি কেন্দ্রের মধ্যে ২২৫টি এবং সুনামগঞ্জে ২৫৮টি কেন্দ্রের মধ্যে ১৯৭টি।
এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি হওয়ায় নির্বাচনে ৭ স্তরের নিরাপত্তা দেবে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সিলেটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৬-৭ স্তরের নিরাপত্তা থাকবে।
সিলেট আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা এসএম এজহারুল হক জানান, শেষ ধাপে সিলেটসহ বিভাগের চার জেলার ১২টি উপজেলায় ৮৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরণের প্রস্ততি নেওয়া হয়েছে।