সিলেটটুডে রিপোর্ট | ১৩ মার্চ, ২০১৫
সিলেট নগরীর বন্দরবাজার মহাজনপট্টিস্থ কুশিয়ারা গেষ্ট হাউস থেকে মো. রেজাউল করিম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানা পুলিশ বৃহস্পতিবার দুপুর ১২টায় লাশটি উদ্ধার করে।
এসময় লাশের পাশে হোটেল কক্ষে একটি চিরকুটও পাওয়া যায়। যাতে লেখা রয়েছে ‘ঋণগ্রস্থ হওয়ার কারণে আমি আত্মহত্যা করেছি।’ পুলিশ সূত্রে জানা যায়, শাহপরাণ থানাধীন খদিমপাড়া ইউনিয়নের চকগ্রামের মৃত আলী আশরাফের ছেলে রেজাউল করিম বুধবার রাতে রেস্ট হাউসের ৪র্থ তলার ৭নং রুমে উঠেন। রুম বুকিং দেওয়ার সময় রেজাউল হোটেলের ম্যানেজারকে জানান বৃহস্পতিবার ভোরে তার এক আত্মীয় বিদেশ থেকে সিলেট আসছেন। তাকে নেয়ার জন্য তিনি রাতে শহরে অবস্থান করতে হচ্ছে।
এ সময় রেজাউল করিম নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন। গতকাল বৃহস্পতিবার সকালে রেষ্ট হাউসের কর্মচারী রুম চেক করার জন্য তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায়নি। বিষয়টি পুলিশকে অবগত করলে কোতোয়ালী থানার এসআই ইলিয়াসের নেতৃত্বে এক দল পুলিশ হোটেলে গিয়ে দরজা ভেঙে রেজাউলের লাশ দেখতে পায়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেজউল আত্মহত্যা করার আগে একটি চিরকুট লেখে গেছে। ঋণগ্রস্থ হওয়ায় সে বিষপান করে আত্মহত্যা করেছে বলে চিরকুটে উল্লেখ রয়েছে।’