সুনামগঞ্জ প্রতিনিধি | ০৬ জুন, ২০১৬
সুনামগঞ্জের তাহিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ জুন) দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাবেক চেয়ারম্যান সবুজ আলম বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিলেন এবং নির্বাচনে তিনি হেরেছেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থকের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে উপজেলার বড়ছড়া এলাকায় চেয়ারম্যান সবুজ আলমের কর্মী-সমর্থকরা আওয়ামী লীগ মনোনীত প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী ইউনুছ আলীর সমর্থক আব্দুল হক (৬০) কে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আহত আব্দুল হকের ছোট ভাই ফজলু মিয়া বাদী হয়ে সাবেক চেয়ারম্যান সবুজ আলমকে প্রধান আসামী করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ সবুজ আলমকে গ্রেফতার করে।
তাহিরপুর থানার ওসি মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় সাবেক চেয়ারম্যান সবুজ আলমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার অভিযোগ পুলিশ তাকে গ্রেফতার করেছে।