শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৭ জুন, ২০১৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুরের ঐতিহ্যবাহী রাধানাথ সেবাশ্রমের প্রায় চারশ'বছরের পুরাতন রাধারাণীর একটি মূর্তিসহ গোপালের ৪টি মূর্তি, অলঙ্কার চুরি হয়েছে।
শনিবার ভোররাতে এই চুরির ঘটনা ঘটে বলে জানায় মন্দিরের লোকজন।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক মো. মাহাবুব জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুরের ঐতিহ্যবাহী রাধানাথ সেবাশ্রমের দরজা ভেঙে ৪৫০ বছরের পুরাতন একটি রাধারাণীর মূর্তি, ৪টি গোপাল মূর্তি, সোনা ও রূপার অলংকার ও কয়েক কেজি ওজনের তামা-কাসার সামগ্রী চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শ্রীমঙ্গল কালাপুর গোসাই বাড়ির রাধানাথ সেবাশ্রমের সেবায়েত অঞ্জন গোস্বামী বলেন, “শনিবার রাতে প্রচণ্ড ঝড়বৃষ্টির মধ্যে একদল দুর্বৃত্ত প্রায় ৪শ’ বছরের পুরাতন রাধানাথ সেবাশ্রমের রাধাকৃষ্ণ মন্দিরের দরজা ভেঙে ৫টি মূর্তি, স্বর্ণালংকারসহ পূজার প্রাচীন সামগ্রী নিয়ে যায়।”
এ সময় দুর্বৃত্তরা মন্দিরের ভেতরের অনান্য মালামাল তছনছ করে এবং মন্দিরে রক্ষিত বিভিন্ন ধর্মীয় বই ছিঁড়ে চারিদিকে ছিটিয়ে ফেলে রাখে।
তিনি জানান, বংশানুক্রমে এই মুর্তিগুলোকে তারা পূজা দিয়ে আসছেন। প্রতিবছর হাজার হাজার ভক্ত এই মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকে।
এদিকে এঘটনায় মন্দিরের পক্ষ থেকে চুরির মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন ওয়াহিদ মিয়া (৪০), সজ্জাত মিয়া (৩২) এবং সুনু মিয়া (৪৩)। তাদের বাড়ি কালাপুর উপজেলায়।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে কালাপুর উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটকৃতেদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনে রিমান্ড চেয়ে কোর্টে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধির কুমার দেব, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম মতিলিব ও সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল ঘটনাস্থল পরিদর্শন করেন।