নিজস্ব প্রতিবেদক | ০৭ জুন, ২০১৬
সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক দম্পতি, গুরতর আহত হয়েছে তাঁদের কন্যাশিশু। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেটের স্কলার্স হোম (শাহী ঈদগাহ) এর প্রশাসনিক কর্মকর্তা অরজিৎ রায় (৫০) ও তাঁর স্ত্রী সিলেটের দক্ষিন সুরমাস্থ মহালক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাশ (৪৫) সকালে খাদিমপাড়া ইউপি'র শাহপরান নিপবন এলাকার বাসা থেকে বের হয়ে সিএনজি অটোরিক্সাযোগে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় সঙ্গে ছিলো স্কলার্স হোমে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া তাঁদের কন্যাসন্তান অরুণিমা (১২)।
তাঁদের বহনকারী সিএনজি অটোরিক্সাটি এমসি কলেজ রোড সংলগ্ন মাদানীবাগ নামক এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অরজিৎ। আর হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় সুমিতা দাশের। তাঁদের সন্তান অরুণিমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পুলিশ প্রাইভেট কারের মালিককে আটক করেছে।
নিহত সুমিতা দাশ সংস্কৃতিকর্মী ধ্রুব গৌতমের বড় বোন।