নিজস্ব প্রতিবেদক | ০৭ জুন, ২০১৬
রমজান মানেই বাহারি ইফতারির সমাহার। ইফতারির দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। সোমবার শুরু হয়েছে পবিত্র রমজান। তবে প্রথম রমজান হওয়ায় নগরীর ইফতারির দোকানগুলোতে তেমন ভিড় দেখা যায়নি। ইফতারির দোকানও অপেক্ষাকৃত কম। অনেক রেস্টুরেন্টও বন্ধ রয়েছে প্রথম রমজানে।
মঙ্গলবার বিকেলে জিন্দাবাজারের কয়েকটি সড়ক ঘোরে দেখা যায় খাবার রেস্তোরা ও সুইটমিটগুলো বাহারি রকমের ইফতারি দিয়ে সজ্জিত।
দোকানের সামনে প্যান্ডেল তৈরী করার মাধ্যমে ক্রেতা আকৃষ্ট করার চেষ্টা করছেন বিক্রেতারা।
জিন্দাবাজারের নেহার মার্কেটের বিপরীত পার্শ্বে অবস্থিত একটি টং দোকানে গিয়ে দেখা যায়, ছোলা, পিয়াজি, বেগুনী, শাক বড়া, আলু চপ, আখনি, পোলাও বাখরখানি দিয়ে সজ্জিত ইফতার সামগ্রী।
দোকানের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, এবারের ইফতার সামগ্রীর দাম তুলনামুলকভাবে একটু বেশি। কারণ হিসেবে তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে দাম বাড়ানো হয়েছে। প্রতি কেজি আখনি ১৫০ টাকা করে বিক্রি করছেন বলে জানান তিনি।
রিয়েল টেস্ট স্ন্যাক্স দোকানে গিয়ে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। পিয়াজি, ছোলা, আলু চপ, বেগুনি, চিকেন কাবাব, জালি কাবাব, শামি কাবাব, পনির চমচা, ছোট জিলাপী, বড় জিলাপী ঝাল বাখরখানি, মিষ্টি বাখরখানি, খিচুরী, পোলাও ইত্যাদি দ্বারা সজ্জিত দোকান।
দোকানের পরিচালক পঙ্কজ চৌধুরীর কাছে এতো ভীড়ের কারন জানতে চাইলে বলেন 'তার দোকানের ক্রেতারা বেশিরভাগই নিয়মিত ক্রেতা। আশেপাশের পাড়া-মহল্লার মানুষের কাছে তার দোকানের ইফতারীর চাহিদা বেশি।
কাশফুল রেস্টুরেন্টেও গিয়ে দেখা যায় একই চিত্র। ইফতারের সময় ঘনিয়ে আসার সাথে সাথে বাড়ছে দোকানে বাড়ছে ভীড়।