Sylhet Today 24 PRINT

সিসি ক্যামেরার আওতায় আসছে নগরী

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০১৬

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। রোববার (১২ জুন) থেকে পরীক্ষামূলকভাবে এই সিসি ক্যামেরা চালু করা হবে।

সিলেট মহানগরীর তালতলা পয়েন্ট থেকে শুরু হয়ে সুরমা মার্কেট পয়েন্ট-সিটি পয়েন্ট হয়ে জিন্দাবাজার পর্যন্ত এই সিসি ক্যামেরার আওতায় থাকবে। অন্যদিকে আরেকটি অংশে সিটি পয়েন্ট থেকে বন্দরবাজার হয়ে সোবহানীঘাট পয়েন্ট এবং এরপর সোবহানীঘাট থেকে নাইওরপুল পয়েন্ট সিসি ক্যামেরার আওতায় থাকবে।

সিটি কর্পোরেশনের প্রকল্পের আওতায় ১৮ লাখ টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। টেন্ডারের মাধ্যমে গ্লোবাল ট্রেড কর্পোরেশন নামক প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় ৮টি পিডিজেড এবং ১৪টি ভেরি ফোকাল বুলেট ক্যামেরা লাগাবে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি তার টানানো, ক্যাসিং বসানো এবং ১০টি ক্যামেরা বসানোসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেছে। অবশিষ্ট ক্যামেরা শনিবারের মধ্যে সম্পন্ন করা হবে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিসি ক্যামেরার মনিটর থাকবে কোতয়ালী মডেল থানায়।

কোতোয়ালী মডেল থানার ওসি সোহেল আহমদ এই কাজ বাস্তবায়ন করতে এগিয়ে আসায় সিলেট সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজে এই সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু অপরাধী সনাক্ত করাই নয়, এই সিসি ক্যামেরা নগরীর যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও সহায়তা করবে।

এদিকে এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, যেসব সিসি ক্যামেরা বসানো হচ্ছে সেই সব ক্যামেরা উন্নত প্রযুক্তিসমৃদ্ধ। তারপরও এইসব সিসি ক্যামেরা বসানোর পর ক্যামেরাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা এবং ক্যামেরার মাধ্যমে যথাযথভাবে চিহ্নিত করা যাচ্ছে না এসব বিষয় পরীক্ষা করা হবে। তিনি আরও জানান, পরবর্তীতে আবারও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে পুরো মহানগরীর গুরুত্বপূর্ণ জায়গা সিসি ক্যামেরায় আওতায় নিয়ে আসা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.