ছাতক প্রতিনিধি | ১০ জুন, ২০১৬
ছাতকে সুমন মিয়া নামে ২৫বছর বয়সী এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ছাতক পৌরসভার ৪নং ওয়ার্ডের বাঁশখলা আবাসিক এলাকার ছুরত আলীর ছেলে। গত বুধবার রাত ৯টায় ছাতক উপজেলা সদর হাসপাতাল থেকে থানা পুলিশ সুমনের লাশ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। সুমনের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত বুধবার ইফতারের পর সুমনকে ছাতক উপজেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত সুমনের পিতা ছুরত আলীর অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
তবে সুমনের স্ত্রী রত্না বেগমের ধারনা, শ্বশুড় বাড়ীর পারিবারিক কলহের কারনে তার স্বামী আত্মহত্যা করতে পারেন বলে থানা পুলিশকে জানিয়েছে। এদিকে সুমনের মৃত্যুকে কেন্দ্র করে বাশখলা আবাসিক এলাকার কতিপয় কুচক্রীমহল নানা ধরনের অপপ্রচার চালিয়ে লোকজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুমনের স্ত্রী রত্না বেগম তার স্বামীর মৃত্যুর জন্য শশুড় বাড়ীর লোকজনকে দায়ি করে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
থানার এসআই চম্পক দাম জানান, সুমনের মৃত্যুটি আসলেই রহস্যজনক। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারন বলা যাচ্ছে না।