Sylhet Today 24 PRINT

আম্বরখানায় চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৬

সিলেট নগরীর আম্বরখানায় চাঁদা না পেয়ে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত পৌণে ১১টার দিকে আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সুরমা বাজারে (ন্যায্য মূল্যের দোকান) এ হামলার ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ৬০ হাজার ২০০ টাকা লুটে নেয়। হামলায় দুইজন আহত হয়েছেন।

ব্যবসা প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট ক্যামেরায় হামলার দৃশ্য ধরা পড়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় সিসি ক্যামেরার ফুটেজ থেকে তিন সন্ত্রাসীকে সনাক্ত করা হয়েছে। বাকিদের সনাক্তের চেষ্টা চলছে।

দোকানের মালিক কাওসার চৌধুরী জানান- গত কয়েকদিন থেকে একদল সন্ত্রাসী দোকানে দুই লাখ টাকা চাদা দাবি করে আসছিল। টাকা না দিলে ওই স্থানে ব্যবসা করতে দেয়া হবে না বলে সন্ত্রাসীরা হুমকিও দিচ্ছিল। গত বৃহস্পতিবার রাত পৌণে ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধের প্রস্তুতিকালে ১০-১২ জন সন্ত্রাসী এসে আবারও চাদা দাবি করে। চাদা দিতে অপরাগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে ও তার চাচা জামিল উদ্দিন চৌধুরীসহ অন্যান্য কর্মচারীদের অকথ্যভাষায় গালিগালাজ ও মারধর ক্যাশ বাক্স থেকে টাকা লুটে নেয়ার চেষ্টা করে। বাধার মুখে ক্যাশ কাউন্টার পর্যন্ত পৌঁছতে না পেরে সন্ত্রাসীরা তার (কাওসারের) প্যান্টের পকেট থেকে ৬০ হাজার ২০০ টাকা লুটে নেয়। দোকানের কর্মচারীদের চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী ও শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন কাওসার চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.