সিলেটটুডে ডেস্ক | ১১ জুন, ২০১৬
ফেঞ্চুগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন এক ব্যবসায়ী। গুরুতর আহত অবস্থায় ঐ ব্যক্তি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারের সাত্তার কমপ্লেক্সের ব্যবসায়ী তপন দাস (৩৫) গত বৃহষ্পতিবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ থানা রোডস্থ আয়েশা ফার্মেসীতে ঔষধ কিনতে যান। এ সময় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় রাজনপুর গ্রওামের তেরা মিয়ার পুত্র রুহেল, মৃত সোলেমান মিয়ার পুত্র সামি, ফজলুল হক মাস্টারের পুত্র লিমন, দুলাল মিয়ার পুত্র বাবর ও রজাই মিয়ার পুত্র টিটু ও মিটু হামলা চালায় তপন দাসের উপর।
হামলাকারীরা রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে তপন দাসকে বেধড়ক মারপিট করে ও তার ডান পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তপন দাসকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় ডাক্তাররা তাকে ওসমানী হাসপাতালে পাঠান। গুরুতর আহত তপন দাস বর্তমানে ওসমানী হাসপাতালের ৯নং ওয়ার্ডের ৩ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার ঘটনায় তপন দাসের ভাইস স্বপন দাস শুক্রবার ৭ জনের নাম উল্লেখ করে ফেঞ্চুগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্বপন দাস জানান, দেশীয় অস্ত্রের আঘাতে অভ্যন্তরীন রক্ত ক্ষরণ হওয়ায় তার ভাই তপন দাসের দুটি কিডনীই ক্ষতিগ্রস্ত হয়েছে। তপনের অবস্থা সংকটাপন্ন বলে তিনি জানান।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আব্দুস সালেক এ ঘটনায় অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।