নিজস্ব প্রতিবেদক | ১১ জুন, ২০১৬
আওয়ামী লীগের উপদেষ্টা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে এবার নির্মাণ করা হচ্ছে প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রে আবুল মাল আবদুল মুহিতের পরিবার, শিক্ষাজীবন, চাকরিজীবন, রাজনীতি এবং একজন সফল অর্থনীতিবিদ হিসেবে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন সংক্রান্ত অনেক বিষয়সহ জীবনের বিভিন্নদিক তুলে ধরা হবে। সেজন্য অর্থমন্ত্রী যেসব দেশে শিক্ষার্জন করেছেন এবং যেসব দেশে কর্মজীবনে ছিলেন, সেখানকার তথ্য সংগ্রহ করে প্রামাণ্যচিত্রে তুলে ধরা হবে।
তবে তিনি সিলেটের সন্তান হওয়ায় কাজটি সিলেট থেকেই শুরু করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টায় সিলেট সার্কিট হাউজে এ প্রামাণ্যচিত্রের শুটিং করা হয়। শুরুতেই সিলেটের বিশিষ্টজন ও রাজনীতিবিদদের সাক্ষাৎকার গ্রহণ করেন প্রামাণ্যচিত্রের পরিচালক জুয়েল রানা।
জুয়েল রানা বলেন, প্রামাণ্যচিত্র শেষ হলে গণমাধ্যমকে সবকিছু জানিয়ে দেয়া হবে। এরআগে কিছু বলতে চাই না। তবে বলেছেন, দুঘণ্টার প্রামাণ্যচিত্র নির্মাণ করা হবে অর্থমন্ত্রীর জীবনী নিয়ে। এ প্রামাণ্যচিত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্টজনের অভিমত থাকবে।
শুটিং চলাকালে অনেকে অর্থমন্ত্রী সম্পর্কে সাক্ষাৎকার দিয়েছেন। কথা হয় মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহর সঙ্গে। তিনি বলেন, নুহাশ চলচ্চিত্র সংসদ দেশের বিশিষ্ট ও গুণিজনদের জীবনী তুলে ধরছে। তারই ধারাবাহিকতায় একজন নন্দিত ও প্রখ্যাত লেখক, সুশীল সমাজের প্রতিনিধি ও সফল অর্থনীতিবিদ, মদনমোহন কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল মাল মুহিতকে নিয়ে প্রামাণ্যচিত্র শুরু করা হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিশিষ্টজনকে নিয়ে তারা প্রামাণ্যাচিত্র করবেন বলে আমি জেনেছি।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, অর্থমন্ত্রী একজন গুণী ব্যক্তিত্ব। তাঁকে নিয়ে যে প্রামাণ্যচিত্র করা হচ্ছে, এটি একটি বড় বিষয়। একজন গুণী ব্যক্তির জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। এটি শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো মন্তব্য করতে চাই না। আমাকে এ সংক্রান্ত একটি সাক্ষাৎকারে ডাকা হলে আমি অর্থমন্ত্রী সম্পর্কে কিছু কথা বলেছি।
অর্থমন্ত্রী মুহিত সম্পর্কে অভিমত ব্যক্ত করে প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মহমুদ-উস সামাদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এবং মদনমোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।
এছাড়া প্রামাণ্যচিত্রে অর্থমন্ত্রীর বিভিন্ন দিক তুলে ধরেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক আজাদুর রহমান আজাদ, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল প্রমুখ।