তপন কুমার দাস, বড়লেখা | ১৪ মার্চ, ২০১৫
তৃণমুলের ভোটে মনোনিত মৌলভীবাজারের জুড়ীতে উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থী বদরুল হোসেনের পক্ষে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন।
তিনি গত শুক্রবার রাতে জুড়ী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সাথে কর্মী সভায় এ নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, তৃণমুলের ভোটে মনোনিত প্রার্থী বদরুল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র সমর্থিত প্রার্থী। আওয়ামীলীগের প্রার্থী বদরুল হোসেনের পক্ষে কাজ করে বিজয় সুনিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নির্দেশ প্রদান করেছেন। একটি মহল বিএনপি-জামায়াত জোটের এজেন্ট হয়ে দলের ভাব-মূর্তি ক্ষুণ করার জন্য অন্য এক প্রার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে প্রপাগান্ডা চালিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এদের প্রপাগান্ডায় কান না দিয়ে আগামী ২৯ শে মার্চ উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বদরুল হোসেনের বিজয় সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান হুইপ।
এ সময় কর্মী সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বদরুল হোসেন, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাষ্টার আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক সফিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট আব্দুল খালিক সোনা, সাধারণ সম্পাদক রিংকু দাস, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এড: আব্বাস উদ্দিন, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ জুয়েল, জুড়ী ছাত্রলীগ নেতা শেখরুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।