Sylhet Today 24 PRINT

ছাতকে মিজান হত্যা: প্রধান আসামীসহ ৯ জনকে বাদ দিয়ে চার্জশীট

তপন জ্যোতি তপু, ছাতক |  ১১ জুন, ২০১৬

ছাতকে বহুল আলোচিত কলেজ ছাত্র মিজানুর রহমান মিজান হত্যা মামলার প্রধান আসামীসহ ৯ জনকে বাদ দিয়ে চার্জশীট প্রদান করেছে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ দুলাল মাহমুদ গত ৫ জুন সুনামগঞ্জ আদালতে এ চার্জশীট প্রদান করেন।

২০১৫ সালের ২৬ অক্টোবর মামলার প্রথম ১১ জন আসামীকে বাদ দিয়ে থানা পুলিশ চার্জশীট প্রদান করলে সুবিচার পাওয়ার স্বার্থে মামলার বাদী সুরুজ আলী আদালতে না-রাজি প্রদান করেন। না-রাজি আমলে নিয়ে আদালত একই সালের ১২ নভেম্বর মামলাটি পুনঃ তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখাকে দায়িত্ব দেন।

প্রায় ৬মাস তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ দুলাল মাহমুদ প্রধান আসামীসহ ৯ জনকে বাদ দিয়ে চার্জশীট প্রদান করেন। উভয় চার্জশীটে প্রধান আসামীসহ জড়িত সিংহভাগ আসামীকে বাদ দেওয়ায় সুবিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মামলার বাদী সুরুজ আলী মনে করেন। মামলা থেকে প্রধান আসামীসহ ৯ জনের নাম চার্জশীট থেকে বাদ দেয়ায় হতাশ বাদী।

পুলিশ ও গোয়েন্দা শাখার প্রায় অভিন্ন চার্জশীট প্রদানে এলাকায় বিরাজ করছে ক্ষোভ।

মিজান হত্যা মামলার বাদী সুরুজ আলী ক্ষোভ প্রকাশ করে জানান, হত্যা মামলা দায়েরের পর থেকেই একটি প্রভাবশালী মহল আসামীদের আড়াল করতে মরিয়া হয়ে উঠে। পুলিশ ও গোয়েন্দা শাখার প্রেরিত চার্জশীটে এ মহলটিরই হস্তক্ষেপ রয়েছে বলে তিনি মনে করেন। বাদপড়া আসামীদের ভয়ে আতংকে রয়েছেন বাদী ও বাদীর পরিবার।

২০১৫ সালের ২জুলাই প্রতিপক্ষের হামলায় নিজ বাড়ীতে নিহত হয় ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামের মৃত মোশাহিদ আলীর পুত্র কলেজ ছাত্র মিজানুর রহমান। এ ঘটনায় নিহতের চাচা সুরুজ আলী বাদী হয়ে নাসির উদ্দিনকে প্রধান আসামী করে ১৬ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ দুলাল মাহমুদ জানান, দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে সম্পৃক্তদের অভিযুক্ত করা হয়েছে এবং যাদের সম্পৃক্ততা পাওয়া যায়নি তাদের নাম চার্জশীট থেকে বাদ দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.