Sylhet Today 24 PRINT

স্বেচ্ছাশ্রমে সুরমা নদীকে জঞ্জালমুক্ত করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

নিউজ ডেস্ক |  ১৫ মার্চ, ২০১৫

জঞ্জালে ভরে গেছে সিলেট নগরীর বুক দিয়ে বয়ে চলা নদী সুরাম। নদী নয়, যেনো ময়লা আবর্জনার ভাগাড় এটি, দেখলে এমনটিই মনে হবে।
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে সুরমা নদীর এই জঞ্জাল সাফ-সুতরো করার কাজে নামে বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। শনিবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদীকে পরিচ্ছন্ন করার কাজে নমেন এসব সংগঠনের সদস্যরা। সিটি করপোরেশনও যোগ দেয় এই কাজে।

স্বেচ্ছাশ্রমে নদী পরিচ্ছনা অভিযানের এই আয়োজনে যোগ দিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেছেন, সুরমা নদীকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেবে সিটি করপোরেশন।
স্বেচ্ছাশ্রমে নদীর আবর্জনা পরিষ্কার করা ছাড়াো নদীকে পরিচ্ছন্ন রাখতে শনিবার বিকেলে সুরমার তীরে ‘নদীর জন্য গান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকাল থেকে নদীর আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় দেড় শতাধিক কর্মী কাজ শুরু করেন। সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরাও ছিলেন তাদের সঙ্গে।

নদী পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, সিটি কাউন্সিলর দিবা রানী দে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, মুজাহিদ হোসেন মুনিম, জালালাবাদ সূর্যমুখী যুবসংঘের মামুন হোসেন, ভূমি সন্তান বাংলাদেশের দ্বোহা চৌধুরী, রোটারেক্ট জেলার সচিব কয়েস আহমদ সুমন প্রমুখ।

অভিযানে দেড়শাধিক ভলেন্টিয়ার অংশ নেন উল্লেখ করে বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, সুরমা নদীতে পলিথিনসহ বিভিন্ন আবর্জনা ফেলে দূষণ করা হচ্ছে।

তিনি বলেন, এখনই এসব জঞ্জাল পরিষ্কারে উদ্যোগ না নিলে বুড়িগঙ্গার মতো নষ্ট হয়ে যাবে। তাই নগরবাসীকে সচেতন করতে পাপের প্রায়শ্চিত্ত হিসেবে নদী পরিচ্ছন্নতা অভিযানে নেমেছি।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.